শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেছেন, বিশ্বায়নের এ যুগে মেধাবীরাই সমাজকে নেতৃত্ব দেবে। বর্তমান সরকার সমাজের বিভিন্ন ক্ষেত্রে যোগ্য নেতৃত্ব গড়ে তুলতে মেধার বিকাশে সকল বাধা দূর করার উদ্যোগ নিয়েছে।
বৃহস্পতিবার রাজধানীর মোহাম্মদপুরে ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে দেশব্যাপী আয়োজিত সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতা ২০১৬’র চূড়ান্ত প্রতিযোগিতার উদ্বোধনকালে তিনি এসব কথা বলেন।
নুরুল ইসলাম নাহিদ বলেন, মুক্ত আকাশ সংস্কৃতির প্রভাবে দেশে দেশে কর্মসংস্থানে মেধাই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। মেধাবী দক্ষ জনশক্তির বিশ্বব্যাপী পরিভ্রমণ বাংলাদেশের মতো জনবহুল দেশসমূহের জন্য সম্ভাবনার নতুন দুয়ার খুলে দিয়েছে।
তিনি বলেন, এই সম্ভাবনা পুরোপুরি কাজে লাগাতে চাই বিশ্বমানের জ্ঞান ও দক্ষতা। একইসাথে আমরা আমাদের নতুন প্রজন্মকে নৈতিক গুণাবলি ও ধর্মীয় মূল্যবোধে উজ্জীবিত করে তুলতে চাই। কারণ মূল্যবোধহীন মানুষের হাতে উচ্চমানের প্রযুক্তি, জ্ঞান ও দক্ষতা কখনও নিরাপদ নয়।
শিক্ষামন্ত্রী বলেন, মেধা এখন আর শ্রেণি বৈষম্যের বিষয় নয়, মেধা ছড়িয়ে পড়েছে সারা দেশে। পাবলিক পরীক্ষাসমূহের ফলাফলে মেধার এ সর্ববিচরণ আমরা লক্ষ্য করি। সৃজনশীল শিক্ষা পদ্ধতিতে প্রত্যন্ত গ্রামাঞ্চলের শিক্ষার্থীরাও এখন অনেক ভালো করছে। তিনি বলেন, সৃজনশীল মেধা অন্বেষণে বিগত সব ক’টি প্রতিযোগিতায়ও জাতীয় পর্যায়ে অধিকাংশ বিজয়ীই এসেছে ঢাকার বাইরে থেকে। তিনি বলেন, সহায়তা পেলে, সমর্থন পেলে অতি সাধারণ শিক্ষার্থীরাও অতি অসাধারণ মেধাবী হয়ে উঠতে পারে।
শিক্ষা মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ এস মাহমুদের সভাপতিত্ব্বে দেশব্যাপী সৃজনশীল মেধা অন্বেষণের জাতীয় পর্যায়ের প্রতিযোগিতার উদ্বোধন অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন শিক্ষা সচিব মো. সোহরাব হোসাইন, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন, অধিদপ্তরের পরিচালক মো. শামছুল হুদা এবং ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মো. আব্দুল হান্নান।-বাসস।
