দ্বিতীয় ধাপে ইউনিয়ন পরিষদ নির্বাচনে ভালভাবে ভোট চলছে বলে মন্তব্য করেছেন নির্বাচন কমিশনার মো. আবু হাফিজ। বৃহস্পতিবার সাংবাদিকদের তিনি এই কথা বলেন।
আবু হাফিজ বলেন, সকাল ৮টা থেকে দুপুর ১২টা পর্যন্ত প্রথম চার ঘণ্টায় বড় ধরনের অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি। আমরা মনিটরিং করছি। গণমাধ্যম, ভোট গ্রহণ কর্মকর্তা ও নিজস্ব কর্মকর্তাদের মাধ্যমে তথ্য সংগ্রহ করা হচ্ছে। এখন পর্যন্ত ভালোভাবে যাচ্ছে।
তিনি বলেন, কোনো স্থানে অনিয়মের তথ্য আসলে নির্বাচন কমিশন তা খতিয়ে দেখছে। সুষ্ঠু নির্বাচনের জন্য আমরা পরিস্থিতি পর্যবেক্ষণ করছি।
দ্বিতীয় ধাপে ৬৩৯ ইউনিয়ন পরিষদে বৃহস্পতিবার সকাল আটটা থেকে ভোট গ্রহণ শুরু হয়েছে। চলবে বিকাল চারটা পর্যন্ত। শেষ খবর পাওয়া পর্যন্ত কেরানীগঞ্জে নির্বাচনী সহিংসতায় এক শিশু নিহত হয়েছে। এছাড়া যশোরে ও জামালপুরে আরো দুইজন নিহত হওয়ার খবর পাওয়া গেছে।
