‘যুক্তরাজ্যে কার্গো বিমান অবতরণে নিষেধাজ্ঞা দ্রুত প্রত্যাহার’

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৫:২৮
 
যুক্তরাজ্যে বাংলাদেশের কার্গো বিমান অবতরণের ওপর আরোপিত নিষেধাজ্ঞা বিষয়ে দ্রুতই সমাধান হবে বলে জানিয়েছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন। বৃহস্পতিবার সচিবালয়ে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের তিনি এসব কথা বলেন।
 
রাশেদ খান মেনন বলেন, নিষেধাজ্ঞা আরোপের পর থেকে তাদের যুক্তরাজ্যের সঙ্গে আমাদের নিয়মিত যোগাযোগ হচ্ছে। তাদের সর্বোচ্চ কর্তৃপক্ষের সঙ্গে আমাদের বৈঠক হয়েছে। আমাদের গৃহীত পদক্ষেপ এবং তাদের আশ্বাসের ভিত্তিতে আমি বলেছিলাম, ৩১ মার্চের মধ্যে প্রত্যাহার হবে। এখন আমি আশা করছি, অল্প সময়ের মধ্যে এই নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে।
 
তিনি বলেন, আমাদের নিরাপত্তা ইস্যুতে যুক্তরাজ্য কার্গো বিমান অবতরণের ওপর যে নিষেধাজ্ঞা আরোপ করেছিল, আমরা তা কাটিয়ে ওঠার জন্য তাদের পরামর্শ ও সুপারিশ অনুযায়ী কাজ করছি। আমরা আমাদের কাজের অগ্রগতি তাদের জানাচ্ছি। তারা পজিটিভলি রেসপন্স করছে।
 
এর আগে যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটিবিষয়ক অ্যাসিস্ট্যান্ট সেক্রেটারি অ্যালেন ভার্সিনের সঙ্গে বৈঠক করেন মন্ত্রী।