ইরাকে বাড়তে পারে মার্কিন সেনা

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৬:০২
ইরাকে আবারও মার্কিন সেনা পাঠানো হতে পারে বলে জানালেন যুক্তরাষ্ট্রের সামরিক বাহিনীর প্রধান মেরিন জেনারেল জোসেফ ডানফোর্ড।  বুধবার এক সংবাদ সম্মেলনে এ কথা জানান তিনি। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের অতিরিক্ত সেনা এই অভিযানে ইরাকি বাহিনীর সক্ষমতা বহুগুণ বাড়িয়ে তুলতে পারবে।
 
তিনি জানান, ২০১৪-র জুনে আইএসের দখলে চলে যাওয়া মসুল পুনরুদ্ধারের পরিকল্পনা নিয়ে যুক্তরাষ্ট্র ও ইরাকের সামরিক কর্মকর্তারা আলোচনা চালিয়ে যাচ্ছেন। এতে যুক্তরাষ্ট্রের বাহিনীগুলো ইরাকি বাহিনীর উদ্যোগকে কী ধরনের সমর্থন দিতে পারে তা নিয়ে আলোচনা হচ্ছে।
 
ডানফোর্ড বলেন, `বৈঠকে কিছু সুপারিশ তৈরি হচ্ছে এবং আসছে সপ্তাহগুলোতে এ বিষয়ে কিছু সিদ্ধান্ত নেওয়ার সুযোগ পেতে পারেন প্রেসিডেন্ট। আমি বিষয়টি প্রতিরক্ষামন্ত্রীকে (অ্যাশ কার্টার) জানিয়েছি। প্রতিরক্ষামন্ত্রী বিষয়গুলো প্রেসিডেন্টকে জানাবেন।'
 
বর্তমানে ইরাকে ৩ হাজার ৮০০ মার্কিন সেনা মোতায়েন আছে। যুক্তরাষ্ট্রের এই সেনা সংখ্যা আরো বাড়ার প্রত্যাশা করছেন বলে গেল সপ্তাহে জানিয়েছিলেন ডানফোর্ড। তবে ওই সিদ্ধান্তগুলো চূড়ান্ত হয়নি।