দ্বিতীয় ধাপের ৬৩৯টি ইউপিতে ভোট গ্রহণ শেষ হয়েছে। এখন চলছে গণনা। এর আগে বৃহস্পতিবার সকাল ৮টা থেকে ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শুরু হয়ে বিকেল ৪টায় শেষ হয়।
দ্বিতীয় দফার ইউপি নির্বাচনের ভোট চলাকালে দেশের বিভিন্ন স্থানে সংঘর্ষে এ পর্যন্ত শিশুসহ তিনজন নিহত হয়েছেন। এছাড়াও আওয়ামী লীগ-বিএনপির সংঘর্ষে গুলিবিদ্ধসহ আহত হয়েছেন উভয়পক্ষের শতাধিক কর্মী-সমর্থকরা। বিভিন্ন ইউনিয়নে বিএনপি ও স্বতন্ত্র প্রার্থী নির্বাচন বর্জন করেছেন।
এই নির্বাচনে চেয়ারম্যান পদে লড়াই করছেন ২ হাজার ৬৬২ জন। এছাড়া সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থীর সংখ্যা ৬ হাজার ৪৯৮ জন এবং সাধারণ মেম্বার প্রার্থীর সংখ্যা ২১ হাজার ২৫৯ জন।
নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, ভোটের নিরাপত্তায় মাঠে রয়েছে পুলিশ, র্যাব, বিজিবিসহ আইনশৃঙ্খলা বাহিনীর প্রায় দুই লাখ সদস্য। প্রতিটি ভোটকেন্দ্রে রয়েছে ২০ জন পুলিশ ও আনসার সদস্য।
প্রসঙ্গত, প্রথমবারের মতো দলীয়ভাবে ইউনিয়ন পরিষদ নির্বাচন হচ্ছে। মোট ৬ ধাপে এই নির্বাচন অনুষ্ঠিত হবে। প্রথম ধাপের নির্বাচন গত ২২ মার্চ অনুষ্ঠিত হয়। বৃহস্পতিবার দ্বিতীয় ধাপের নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে দেশের ৪৭ জেলার ৬৩৯টি ইউপিতে।
