শিল্পমন্ত্রী আমির হোসেন আমু বলেছেন, বাংলাদেশের সমুদ্রসীমায় বিদ্যমান সম্পদ সঠিকভাবে ব্যবহার করা গেলে এ দেশ শুধু মধ্যম আয়ের নয়, বিশ্বের অন্যতম ধনী রাষ্ট্রে পরিণত হবে।
তিনি বলেন, শিল্প সমৃদ্ধ ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বর্তমান সরকার অগ্রাধিকারভিত্তিতে কাজ করে যাচ্ছে। সম্প্রতি বিশ্বব্যাংকের মূল্যায়নে বাংলাদেশ নিম্নমধ্যম আয়ের দেশ হিসেবে স্বীকৃতি পেয়েছে। ২০২১ সালের আগেই বাংলাদেশ মধ্যম আয়ের দেশে পরিণত হবে।
বৃহস্পতিবার রাজধানীর ইনস্টিটিউশন অব ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ’র (আইডিইবি) উদ্যোগে আয়োজিত আইডিইবি মিলনায়তনে ‘মহান স্বাধীনতা ও গণঅধিকার দিবস উপলক্ষে এক আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় এসব কথা বলেন।
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী রাশেদ খান মেনন এমপি অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন।
শিল্পমন্ত্রী বলেন, বিগত দিনে আন্দোলনের নামে হরতাল-অবরোধকালে বিএনপি নেত্রী বেগম খালেদা জিয়া বাসে আগুনে দিয়ে মানুষ পুড়িয়েছেন, গণহত্যা চালিয়েছেন।
এখন জনবিচ্ছিন্ন বিএনপি আবার নানা কর্মসূচির ছদ্মাবরণে জনগণের সামনে আসতে চাইছে উল্লেখ করে তিনি বলেন, তারা জনগণের বিরুদ্ধে নতুন করে ষড়যন্ত্র শুরু করেছে। এ ষড়যন্ত্র মোকাবেলায় আমির হোসেন আমু সকল প্রগতিশীল গণতান্ত্রিক শক্তিকে সতর্ক থাকার আহ্বান জানান।
শিল্পমন্ত্রী বলেন, ১৯৯৬ সালে আওয়ামী লীগ রাষ্ট্র পরিচালনার দায়িত্ব নেয়ার পরই প্রধানমন্ত্রী শেখ হাসিনা ডিজিটাল বাংলাদেশ গড়ার প্রস্তুতি নিয়েছিলেন।
এ লক্ষ্যে সে সময় জেলা পর্যায়ে পলিটেকনিক ইনস্টিটিউট, বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং মহিলাদের জন্য আলাদা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপনের উদ্যোগও নেয়া হয়েছিল বলে তিনি জানান।
ডিজিটাল বাংলাদেশ গড়ার ক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত নানামুখি পদক্ষেপের কথা তুলে ধরে আমির হোসেন আমু বলেন, এজন্য কম্পিউটার আমদানির ওপর সব ধরনের শুল্ক ও কর তুলে নেয়া হয়েছিল। এর ফলে দেশে তথ্য-প্রযুক্তিগত জ্ঞানে সমৃদ্ধ জনবল তৈরির পথও প্রশস্ত হয়েছে। বাসস।
