গত বুধবার রাতে বংশাল এলাকার ইউসুফ মার্কেট থেকে যে তিন অস্ত্র ব্যবসায়ীকে আটক করা হয়েছে। স্থানীয় নির্বাচনকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বিক্রির জন্য এসব অস্ত্র নিয়ে এসেছিল তারা।
বৃহস্পতিবার দুপুরে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান ডিএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার ও কাউন্টার টেররিজম ইউনিটের প্রধান মো. মনিরুল ইসলাম।
গ্রেফতারকৃতরা হলেন- দবির উদ্দিন ওরফে তুহিন, আব্দুল হামিদ ও ইরফানুল হাসান পিয়াস।
এসময় তাদের কাছ থেকে ৬টি বিদেশি অস্ত্র, ১০টি ম্যাগজিনসহ ৩০ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
মনিরুল ইসলাম বলেন, অস্ত্র ব্যবসায়ীদের কাছ থেকে দেশের বিভিন্ন সন্ত্রাসীরা রাজনৈতিক পরিচয়ে অস্ত্র কিনছে। এসব অস্ত্র ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রভাব খাটানোর জন্য বিভিন্ন ব্যক্তিও কিনছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃতরা গোয়েন্দা পুলিশকে এসব তথ্য জানিয়েছে।
জিজ্ঞাসাবাদে তারা আরও জানিয়েছে, চাঁপাইনবাগঞ্জের সীমান্ত দিয়ে ভারত থেকে চোরাইপথে এসব অস্ত্র ঢাকায় নিয়ে এনে অস্ত্র ব্যবসা করে আসছিল তারা।
