নরসিংদীর শিবপুরে ৭টি ইউপি নির্বাচনে বৃহস্পতিবার শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ সম্পন্ন হয়েছে। এখন ভোট গণনা চলছে।
উপজেলার ৭টি ইউনিয়ন হল- দুলালপুর, সাধারচর, পুটিয়া, আয়ুবপুর, বাঘাব, যোশর ও জয়নগর। ৭টি ইউনিয়নের মোট ভোটার সংখ্যা ১,৬৩,২৯২ জন। এর মধ্যে পুরুষ ভোটার ৮১,৯,০২ ও মহিলা ভোটার ৮১,৩,৯০ জন। উক্ত ইউনিয়নের মোট ভোট কেন্দ্রের সংখ্যা ৭৫টি। ৭টির মধ্যে ২-১ টি ইউনিয়নের ৪-৫টি কেন্দ্রে বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া বাকি সবগুলো কেন্দ্রে সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছে। সকাল ৮ টা থেকে বিকেল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ চলে।
বিভিন্ন ইউনিয়নের কয়েকটি কেন্দ্র গিয়ে দেখা গেছে, ভোটারা বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। ভোটারের উপস্থিতি ছিল লক্ষণীয়। তবে দুপুরের পর মুষলধারে বৃষ্টি হওয়ার কারণে ভোটারের উপস্থিতি কিছুটা কমে যায়। বিকাল ৪ টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট গ্রহণ অনুষ্ঠিত হওয়ার পর ভোট গণনার কাজ চলছে।
এ ব্যপারে শিবপুর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ আশরাফুল আফসার বলেন, উপজেলার ৭টি ইউনিয়ন পরিষদ নির্বাচন অত্যন্ত সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং উপজেলা প্রাশাসন ও আইন শৃংখলা বাহিনীও ছিল খুবই তৎপর।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব সামসুল আলম ভূইয়া রাখিল বলেন, উপজেলার ৭টি ইউপি নির্বাচনই শান্তিপূর্ণভাবে অনুষ্ঠিত হয়েছে এবং এতে আওয়ামী লীগ মনোনীত প্রার্থীরা বিজয়ী হবেন বলে আমি আশা করছি।
উল্লেখ্য, শিবপুর উপজেলার ৯টি ইউনিয়নের মধ্যে চক্রধা ও মাছিমপুর ইউনিয়নে পৌরসভা সীমানা নির্ধারণী মামলা জটিলতার কারণে নির্বাচন স্থগিত রয়েছে।
