আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ বলেছেন, এই নির্বাচন অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণ হয়েছে। ছয় হাজারের বেশি কেন্দ্রের মধ্যে ২২টিতে সামান্য কিছু ত্রুটি-বিচ্যুতি হয়েছে। তাই নির্বাচনকে ত্রুটিপূর্ণ বলার সুযোগ নেই।
দ্বিতীয় ধাপের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের ভোট গ্রহণ শেষ হয় আজ বৃহস্পতিবার বিকেল ৪টায়। এরপরই ধানমন্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে দলের পক্ষ থেকে এসব কথা বলেন হানিফ।
মাহবুব উল আলম হানিফ বলেন, আমরা অতীতে বহু নির্বাচনে দেখেছি ইউনিয়ন পরিষদ নির্বাচনে সামাজিক-গোষ্ঠীগত দ্বন্দ্বের কারণে সংঘাত ও সহিংসতা হয়। আজকে যে তিনজনের প্রাণহানির ঘটনা ঘটেছে, এর মধ্যে জামালপুরে যার কথা বলা হচ্ছে তিনি হার্ট অ্যাটাকে মারা গেছেন, নির্বাচনী সহিংসতায় মারা যাননি।
তিনি আরো বলেন, আর দুটি জায়গায় যারা মারা গেছেন, এটা দুঃখজনক। তাৎক্ষণিকভাবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে পদক্ষেপ এবং কঠোর আইনি পদক্ষেপের মাধ্যমে এই ঘটনার সঙ্গে যারা জড়িত তাদের শাস্তির জন্য নির্দেশনা দেয়া হয়েছে। প্রশাসন তৎপর হয়ে ইতিমধ্যে কয়েক জনকে গ্রেপ্তারও করেছে।
এছাড়া হানিফ আরো উল্লেখ করেন, বিএনপি এখন কারণ ছাড়াই নালিশ করছে। তারা একটি নালিশি দলে পরিণত হয়েছে।
