বগুড়ায় ছাত্রলীগ কর্মী হত্যা মামলায় ৩ ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ১৯:৪৭
বগুড়ায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন সবুজ হত্যা মামলায় তিন ভাইয়ের মৃত্যুদণ্ডাদেশ ও অপর তিনজনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত।
 
বৃহস্পতিবার দুপুরে বগুড়ার অতিরিক্ত দায়রা জজ আদালত-১ এর বিচারক মো. হাফিজুর রহমান এই রায় ঘোষনা করেন। মৃত্যুদণ্ডে দণ্ডিত আসামিরা হলেন- বগুড়া শহরের নাটাইপাড়া এলাকার আব্দুল মজিদের ছেলে রনি মণ্ডল ওরফে রনি, মাসুম পারভেজ মাসুম  এবং মাসুদ পারভেজ মুন্না। যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিরা হলেন- একই এলাকার রমজান আলীর ছেলে জাহাঙ্গীর ও খোকন এবং আজগর আলীর ছেলে আব্দুল মজিদ। তাদের মধ্যে মাসুম পারভেজ, খোকন ও আব্দুল মজিদ পলাতক রয়েছে।
 
মামলা সুত্রে জানা গেছে, এলাকায় আধিপত্য বিস্তারের জের ধরে ২০০৯ সালের ৫ জানুয়ারি বিকেল ৩টার দিকে শহরের নাটাইপাড়া (কৃঞ্চপাড়া) এলাকায় ছাত্রলীগ কর্মী ফারুক হোসেন সবুজকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় নিহতের বাবা আব্দুল গফুর বাদী হয়ে ৬ জনের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের করেন। মামলাটি তদন্ত শেষে ৬ জনের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করা হয়। শুনানি শেষে বৃহস্পতিবার মামলার রায় ঘোষণা করা হয়।