স্বাধীনতা বিরোধী চক্র ষড়যন্ত্রে লিপ্ত : নৌ পরিবহন মন্ত্রী

আপডেট : ৩১ মার্চ ২০১৬, ২১:০৮
নৌ পরিবহন মন্ত্রী ও শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদের আহ্বায়ক শাজাহান খান বলেছেন, 'স্বাধীনতা বিরোধী খুনী চক্র দেশের বিরুদ্ধে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। তাদের সম্পর্কে সকলকে সজাগ থাকতে হবে। কোনো ষড়যন্ত্রই দেশের উন্নয়ন ও অগ্রগতির চাকাকে বাঁধাগ্রস্ত করতে পারবে না।'
 
মন্ত্রী বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে শ্রমিক কর্মচারী পেশাজীবী মুক্তিযোদ্ধা সমন্বয় পরিষদ আয়োজিত এক আলোচনা সভায় এই কথা বলেন।
 
বক্তব্য রাখেন বাংলদেশ মুক্তিযোদ্ধা সংসদ কেন্দ্রীয় কমান্ড কাউন্সিলের মহাসচিব এম এ মতিন, জাতীয় বিদ্যুৎ শ্রমিক লীগের সাধারণ সম্পাদক মোঃ আলাউদ্দিন মিয়া, সোনালী ব্যাংক এমপ্লয়ীজ ইউনিয়ন বি-২০২ সভাপতি মোঃ কামাল উদ্দিন, বিআইডব্লিউটিসি সিবিএর সভাপতি মোঃ মহসীন ভূইয়াসহ প্রমূখ নেতৃবৃন্দ। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নৌ পরিবহন মন্ত্রী শাজাহান খান।
 
উক্ত আলোচনা সভায় মন্ত্রী বলেন, 'মহান মুক্তিযুদ্ধের চেতনাকে শানিত করে পাকিস্তান এবং তাদের দোসর ও চরদের বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। ১৯৫ জন পাকিস্তানী সেনা কর্মকর্তার বিচার করতে হবে।'
 
বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে যারা ক্ষমতায় এসেছিল তারা বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের চেতনাকে মুছে ফেলার গভীর ষড়যন্ত্র করেছিল উল্লেখ করে শাজাহান খান বলেন, 'তাদের সে ষড়যন্ত্র সফল হয়নি। বর্তমান সরকারের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে যারা ষড়যন্ত্র করছে, তাদের সে স্বপ্নও ব্যর্থ হবে।'