তিন জেলায় ১৪ ইউনিয়নে গত বুধবার রাতে ও বৃহস্পতিবার ঝড়ে ফসলসহ ঘর-বাড়ির ব্যাপক ক্ষতি হয়েছে। এরমধ্যে পিরোজপুরের মঠবাড়িয়ায় একটি কলেজ বিধ্বস্ত হয়েছে। সংবাদদাতাদের পাঠানো খবর-
মঠবাড়িয়া (পিরোজপুর): গতকাল অর্ধ ঘণ্টাব্যাপী ঝড় ও ভারি বর্ষণে ভগীরথপুর শেখ মুজিবুর রহমান বঙ্গবন্ধু কলেজের টিনশেডভবন সম্পূর্ণ বিধ্বস্ত হয়েছে। অধ্যক্ষ মো. জাহাঙ্গীর হোসেন জানান, কম্পিউটার ল্যাবের ৯টি কম্পিউটার নষ্ট হয়েছে। সবমিলে আনুমানিক ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। মিরুখালী ইউনিয়নের ১০/১২টি কাঁচা ঘর-বাড়ি ভেঙে গেছে। কলাক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে।
হরিণাকুণ্ড (ঝিনাইদহ): ঘূর্ণিঝড়ে উপজেলার ৮টি ইউনিয়নের অধিকাংশ গ্রাম গত বুধবার রাতে লণ্ডভণ্ড হয়ে গেছে। পানের বরজ, তামাক, ভুট্টা ও ধানের ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। এছাড়া কাঁচা বাড়িঘর ভেঙে গেছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মনিরা পারভীন বলেন, ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছি। ক্ষতির পরিমাণ ব্যাপক।
নান্দাইল (ময়মনসিংহ): গতকাল উপজেলার ৫টি ইউনিয়নে ঝড় ও শিলাবৃষ্টিতে বোরো ধান, সবজি ক্ষেতসহ অন্যান্য মৌসুমী ফসলসহ গাছপালা, ঘর-বাড়িরও ব্যাপক ক্ষতি হয়েছে। ঝড়ে শহীদ স্মৃতি ডিগ্রি আদর্শ কলেজের অর্ধশত বছরের পুরনো একটি রেইনট্রি বজ্রপাতে দ্বি-খণ্ডিত হয়ে যায়।
