কলারোয়ায় জমি নিয়ে বিরোধে খুন

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১২:৩৪
সাতক্ষীরার কলারোয়া উপজেলায় জমিজমা সংক্রান্ত বিরোধের জের ধরে ভাতিজার কুড়ালের আঘাতে চাচা খুন হয়েছেন। উভয় পক্ষের সংঘর্ষে মোসলেম আলি সানা (৫০)  নামে এক কৃষক নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন চারজন।
 
বৃহস্পতিবার মধ্যরাতে উপজেলার দেয়াড়া গ্রামে এ ঘটনা ঘটে। আহতরা হলেন, জসিম উদ্দীন সানা, নাজিম উদ্দীন সানা, ইদ্রিস সানা , গোলাম সারওয়ারের স্ত্রী মঞ্জুয়ারা। তাদের সাতক্ষীরা ও কলারোয়া হাসপাতালে ভর্তি করানো হয়েছে।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার রাতে ঘরের চাল দেয়াকে কেন্দ্র করে দুই পরিবারের মধ্যে বিরোধ বাধে। এ সময় দুই পরিবারের সদস্যরা মারামারিতে লিপ্ত হয়। এক পর্যায়ে  ভাতিজা গোলাম সারওয়ার তার চাচা মোসলেম আলিকে কুড়াল দিয়ে কুপিয়ে আহত করে।  পুলিশ গুরুতর অবস্থায় মোসলেমকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যাওয়ার পথে তার মৃত্যু হয়।
 
সাতক্ষীরার অতিতিরিক্ত পুলিশ সুপার মীর মোদাচ্ছের হোসেন জানান, লাশ ময়না তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে।