নতুন একটি ফোন উন্মোচন করেছে শাওমি। রেডমি ৩ স্মার্টফোনের নতুন এই সংস্করণ চীনে উন্মোচন করা হয়েছে। রেডমি ৩ ‘প্রো’ নামের এই ডিভাইসে মেমোরি, অভ্যন্তরীণ স্টোরেজ এবং বেশ কয়েকটি সেন্সর উন্নত করা হয়েছে।
স্মার্টফোনটি আন্তর্জাতিক বাজারে কবে থেকে পাওয়া যাবে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। তবে চীনে চলতি মাস থেকে ডিভাইসটি বাজারজাত করা হবে।
রেডমি ৩ ‘প্রো’ স্মার্টফোনে ৭২০–১২৮০ পিক্সেল রেজুলেশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে। অ্যান্ড্রয়েডের ওপর ভিত্তি করে তৈরি মিইউআই ৭ অপারেটিং সিস্টেমচালিত এই ফোনে ১ দশমিক ২ গিগাহার্টজের অক্টা-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন ৬১৬ প্রসেসর ব্যবহার করা হয়েছে।
৩ গিগাবাইট র্যামের এই ডিভাইসে ৩২ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের সুবিধা রয়েছে; যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ১২৮ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
এতে এলইডি ফ্ল্যাশের ১৩ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরা রয়েছে। এর ৫ মেগাপিক্সেল ফ্রন্ট ক্যামেরায় ফুল এইচডি ভিডিও ধারণ করা সম্ভব।
স্মার্টফোনটিতে ৪১০০ মিলিঅ্যাম্পিয়ার আওয়ারের নন-রিমুভ্যাবল ব্যাটারি রয়েছে।
রেডমি ৩ ‘প্রো’ টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি ব্লুটুথ, জিপিএস, এ-জিপিএস, জিপিআরএস/ইডিজিই, মাইক্রো-ইউএসবি ও ওয়াই-ফাই সংযোগ সমর্থন করবে।
ডিভাইসটির মূল্য নির্ধারণ করা হয়েছে ১৪০ ডলার।
