সাতক্ষীরার শ্যামনগর উপজেলার নুরনগর মহিলা মাদরাসার সুপার মাওলানা বাবুল আক্তারকে কুপিয়ে হত্যার ঘটনায় ঘাতক নৈশ প্রহরী আবুল কালাম গাজীকে গ্রেফতার করেছে পুলিশ।
শুক্রবার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার নুরনগর গ্রাম থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতার আবুল কালাম গাজী ওই গ্রামের মোহাম্মদ আলী সরদারের ছেলে।
শ্যামনগর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি ) এনামুল হক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন। বাকি আসামিদের গ্রেফতারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।
উল্লেখ্য, বৃহস্পতিবার বিকেলে নিয়োগ সংক্রান্ত বিরোধের জের ধরে মাদরাসা সুপার মাওলানা বাবুল আক্তারকে প্রকাশ্যে দা দিয়ে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায় নৈশ প্রহরী আবুল কালাম গাজী। এ ঘটনায় নিহতের বাবা শেখ আনছার আলী বাদী হয়ে শ্যামনগর থানায় ছয়জনকে আসামি করে মামলা করেন।
