ইউপি নির্বাচন : গুলিবিদ্ধ ৬, পেট্রোল বোমায় পুলিশসহ দগ্ধ ২

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৭:২৬
 
দিনাজপুরের বিরামপুরে দ্বিতীয় দফা ইউ.পি. নির্বাচনে ৬৩টি ভোট কেন্দ্রের মধ্যে গণনা শেষে একটি কেন্দ্রে পেট্রোল বোমার আঘাতে পুলিশের এসআই ও নাইটগার্ড দগ্ধ হয়েছে এবং একটিকেন্দ্রে ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টাকালে পুলিশের গুলিতে ৬ জন গুলিবিদ্ধ হয়েছে। এসব ঘটনায় বিরামপুর থানায় পৃথক দু’টি মামলা হয়েছে এবং পুলিশ একজনকে আটক করেছে।
 
মামলা সূত্রে প্রকাশ, ১নং মুকুন্দপুর ইউনিয়নের গঙ্গাপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রের একটি কক্ষে ভোট গণনা শেষে দুর্বৃত্তরা জানালা দিয়ে পেট্রোল বোমা নিক্ষেপ করলে দিনাজপুর রিজার্ভ পুলিশের এসআই সাইফুল ইসলাম (৩৫) ও স্কুলের নাইটগার্ড মজিবর রহমান (৫০) দগ্ধ হন। তারা দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।
 
অপরদিকে ৫নং বিনাইল ইউনিয়নের মোহনপুর উচ্চ বিদ্যালয় কেন্দ্রে ভোট গণনা শেষে ২জন ইউপি সদস্য’র ৪/৫শ’ সমর্থকের মধ্যে স্কুল মাঠে সংঘর্ষ বাঁধে। ব্যালট বাক্স ও সরঞ্জামাদি গাড়িতে তোলার সময় ঐসব লোকজন পুলিশের উপর আক্রমণ করে সরঞ্জামাদি ছিনতাইয়ের চেষ্টা করে। এতে থানা পুলিশের এএসআই ফায়েজুল সহ কয়েকজন পুলিশ আহত হন।
 
পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ সর্টগানের ৯ রাউন্ড গুলি ছুঁড়লে গুলিবিদ্ধ হয়ে বেশ কয়েকজন আহত হন। এদের মধ্যে গুরুতর আহতরা হলেন, বিনাইল গ্রামের মৃত. তফিল উদ্দিনের পুত্র মোস্তাফিজুর রহমান (৩২), শাহাদতের পুত্র আনিছুর রহমান (২৮), আমিনুরের পুত্র বকুল হোসেন (২১), ওসমান গণির পুত্র আবু বক্কর (৩৫) ও শাহীন (৩৭) এবং কৃষ্ণবাটি গ্রামের আবিজ উদ্দিনের পুত্র বেলাল হোসেন (২৫) অন্যতম।
 
আহতদের বিরামপুর হাসপাতালে ভর্তির পর অবস্থার অবনতি ঘটলে তাদেরকে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে বলে পারিবারিক সূত্রে জানা গেছে। থানার ওসি আমিরুজ্জামান জানান, এঘটনায় একজনকে আটক করা হয়েছে।