নিরাপত্তা ইস্যুতে আবারও আন্তর্জাতিক সিরিজ বাতিল হয়েছে পাকিস্তানে। তবে এবার পাকিস্তান নিজে থেকেই সিরিজ বাতিল করল। আফগানিস্তানের সঙ্গে দ্বিপাক্ষিক সিরিজ স্থগিত করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড।
পিসিবির মুখপাত্র আমজাদ ভাট্টি বলেন, ‘এই মুহূর্তে সফরটি নিয়ে আফগানিস্তান ক্রিকেট বোর্ডের সঙ্গে আমাদের কথা হচ্ছে। তবে এটা নিশ্চিত এই মুহূর্তে সফরটি হচ্ছে না।’
পাকিস্তান ক্রিকেট বোর্ড আফগানিস্তানের সঙ্গে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ আয়োজন করতে চেয়েছিল। এছাড়া পাকিস্তান ‘এ’ দলের জন্য চার দিনের ম্যাচও আয়োজন করতে চেয়েছিল। নিরাপত্তার কারণে একইভাবে কেনিয়া নারী ক্রিকেট দলের পাকিস্তান সফরটিও বাতিল করেছে পিসিবি ।
লাহোরে ভয়াবহ বোমা বিস্ফোরণের ঘটনাই প্রভাব ফেলেছে আফগানিস্তানের সম্ভাব্য পাকিস্তান সফরে। ওই ঘটনায় প্রাণ হারায় ৭০ জনেরও বেশি মানুষ।
