পঞ্চগড়ে নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী ও শিশুসহ আহত ৫

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৮:০৮
 
পঞ্চগড় জেলার বোদা উপজেলায় নির্বাচন পরবর্তী সহিংসতায় নারী ও শিশুসহ পাঁচজন আহত হয়েছে। শুক্রবার সকালে উপজেলার ঝলই শালশিরী ইউনিয়নের বড়ুয়া পাড়ায় এ ঘটনা ঘটে।
 
পুলিশ ও এলাকাবাসী জানান, ওই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে ইউপি সদস্য নির্বাচিত হন দাহির উদ্দিন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী ছিলেন শঙ্কর পদ দে ৯৭ ভোটে পরাজিত হন। পরাজিত হওয়ার ক্ষোভে শংকর তার লোকজন নিয়ে বিজয়ী প্রার্থীর সমর্থক ও নিজের চাচাতো ভাই রতন কুমার দে ও জগদিস কুমারদের বাড়িতে হামলা চালায়।
 
এ সময় বাধা দিতে গেলে রতন কুমারের স্ত্রী শীবা রাণী দে (৪৫), তার মেয়ে পাপড়ী রাণী দে (২১) ও জগদিস চন্দ্রের মেয়ে কনা রাণী দে (১৬), ইদ্রিস আলী (২৭) ও মোশারফ হোসেন (৩৮) আহত হন।
 
স্থানীয়রা আহতদের উদ্ধার করে বোদা উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি করে। গুরুতর আহত পাপড়ি রানীকে ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

বোদা থানার অফিসার ইনচার্জ (ওসি) আবুল কালাম আজাদ সহিংসতার কথা স্বীকার করে জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। কেউ অভিযোগ করেননি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।