বৃহস্পতিবার অনুষ্ঠিত নাটোরের লালপুর উপজেলায় ইউনিয়ন পরিষদ নির্বাচনে ১০ ইউনিয়নের মধ্যে ৯টিতে আওয়ামী লীগ মনোনিত চেয়ারম্যান পদপ্রার্থীরা বিজয়ী হয়েছেন। একটি ইউনিয়নের ফলাফল ঘোষণা স্থগিত রয়েছে। বাগাতিপাড়া উপজেলায় অনুষ্ঠিত একটি মাত্র ইউনিয়নের নির্বাচনে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী বিজয়ী হয়েছে।
ভোটের দিন সকালে আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে আহত বিএনপি কর্মী এমদাদুল হক বিল্পব (৪০) মারা গেছে। গত নির্বাচনে এই ১১টি ইউনিয়নের ৮টিতে বিএনপি বিজয়ী হয়েছিল। নির্বাচন সমন্বয়কারীর দায়িত্বে থাকা লালপুর উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয় সূত্রে জানা যায়, লালপুর ইউনিয়নে আওয়ামী লীগের প্রার্থী আবু বকর সিদ্দিক পলাশ (নৌকা) ১৪ হাজার ৮৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী বিএনপি (ধানের শীষ) আশরাফুল আলম লুলু পেয়েছেন ২ হাজার ৭শ ৩৫ ভোট। ঈশ্বরদী ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী আমিনুল ইসলাম জয় ৮ হাজার ৭শ ৪০ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী আ. আজিজ রনজু (ধানের শীষ) পেয়েছেন ৩ হাজার ৫শ ভোট। চংধুপইল ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আবু আল বেলাল (নৌকা) ১০ হাজার ৬শ ৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী বুলবুল আহম্মেদ বুলু (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ২শ ৮০ ভোট। আড়বাব ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী ইসাহাক আলী (নৌকা) ১৩ হাজার ২শ ৪৫ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি (ধানের শীষ) বিল্লাল হোসেন পেয়েছেন ২ হাজার ৬শ ৬১ ভোট।
বিলমাড়ীয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী মিজানুর রহমান মিন্টু (নৌকা) ৫ হাজার ৯শ ৪৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী সিদ্দিক আলী মিষ্টু (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৫শ ৭৮ ভোট। দুয়ারিয়া ইউনিয়নে আওয়ামী লীগ প্রার্থী নুরুল ইসলাম লাভলু (নৌকা) ৮ হাজার ২শ ২৩ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন। নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী ইসমাইল হোসেন (ধানের শীষ) পেয়েছেন ৪ হাজার ৮শ ৭৭ ভোট।
ওয়ালিয়া ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী আনিছুর রহমান মাস্টার (নৌকা) ৬ হাজার ৫শ ৩৬ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । তার নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী নূরে আলম (ঘোড়া) পেয়েছেন ৬ হাজার ৪শ ৮৯ ভোট।
দুড়দুড়িয়া ইউনিয়নে আওয়ামীলীগ মনোনিত প্রার্থী আঃ হান্নান (নৌকা) ৭ হাজার ৯শ ৪৮ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী আবুল কালাম আজাদ পেয়েছেন ৬ হাজার ৬শ ১৬ ভোট।
কদিমচিলান ইউনিয়নে আওয়ামীলীগ প্রার্থী সেলিম রেজা মাস্টার (নৌকা) ৫ হাজার ৫শ ৮৯ ভোট পেয়ে বিজয়ী হয়েছেন । নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি প্রার্থী আব্দুল আজিজ (ধানের শীষ) পেয়েছেন ৫ হাজার ৩৯ ভোট।
অর্জুনপুর-বরমহাটি (এবি) ইউনিয়নের একটি কেন্দ্রে ভোট গ্রহন স্থগিত হওয়ায় ফলাফল ঘোষণা করা হয়নি। অপরদিকে বাগাতিপাড়া উপজেলার পাঁকা ইউনিয়নে আওয়ামীলীগের বিদ্রোহী প্রার্থী আমজাদ হোসেন (আনারস প্রতীক) ৪ হাজার ৮৫৮ ভোট পেয়ে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন।
তাঁর নিকটতম প্রতিদ্বন্দি আওয়ামী লীগের প্রার্থী বর্তমান চেয়ারম্যান নয়েজ উদ্দিন পেয়েছেন ৪ হাজার ৪৪৪ ভোট।
স্থানীয়রা জানায়, লালপুরের আড়বাব ইউনিয়নের হাবিবপুর প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে ভোটের সময় আওয়ামী লীগ ও বিএনপি কর্মীদের মধ্যে সংঘর্ষে বিএনপি কর্মী এমদাদুল হক বিপ্লব (৪০)সহ চারজন আহত হয়। রাত ১১ টার দিকে চিকিৎসাধিন অবস্থায় রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। নিহত বিপ্লব রঘুনাথপুর গ্রামের সাজেদুর রহমানের ছেলে। এ ঘটনায় এলাকায় উত্তেজনা চলছে।
