শরণার্থীদের অবৈধভাবে ফেরত পাঠাচ্ছে তুরস্ক: অ্যামনেস্টি

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৮:২৬
তুরস্ক সিরীয় শরণার্থীদের অবৈধভাবে জোরপূর্বক দেশে ফেরত পাঠাচ্ছে। মানবাধিকার সংগঠন অ্যামনেস্টি ইন্টারন্যাশনালের একটি প্রতিবেদনে তুর্কি কর্তৃপক্ষের বিরুদ্ধে এই অভিযোগ করা হয়েছে।
 
প্রতিবেদনে উল্লেখ করা হয়, জানুয়ারির মাঝামাঝি সময় থেকেই নারী, পুরুষ ও শিশুসহ প্রতিদিন প্রায় ১০০ সিরীয়কে জোরপূর্বক যুদ্ধবিধ্বস্ত দেশটিতে ফেরত পাঠাচ্ছে তুরস্ক। তুর্কি কর্তৃপক্ষের এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের লঙ্ঘন বলে মনে করে যুক্তরাজ্যভিত্তিক সংস্থাটি। 
 
প্রসঙ্গত, শরণার্থীদের নিয়ে বেশ কয়েক বছর ধরেই সঙ্কটে রয়েছে গোটা ইউরোপ। সম্প্রতি সিরীয় শরণার্থীদের ব্যাপারে ইউরোপীয় ইউনিয়নের সাথে তুরস্কের একটি চুক্তি হয়েছে। এই চুক্তি অনুযায়ী তুরস্ক উপকূল হয়ে গ্রীস অভিমুখে শরণার্থীদের স্রোত কমানোর চেষ্টা করছে তুরস্ক। সেটা করতে গিয়েই শরণার্থীদের জোরপূর্বক ফেরত পাঠানো হচ্ছে বলে ধারণা করা হয়।  
 
এদিকে জোরপূর্বক শরণার্থীদের ফেরত পাঠানোর কথা অস্বীকার করেছে তুরস্ক। কিন্তু অ্যামনেস্টির গবেষণা বলছে ভিন্ন কথা। তারা বলেছে, এমন ঘটনাও ঘটেছে, যেখানে গর্ভবতী নারী এবং পিতামাতাহীন শিশুদেরকেও ফেরত পাঠানো হয়েছে। সূত্র: বিবিসি