নির্বাচন পরবর্তি সহিংসতা

লালপুরে ১০ বাড়িতে আগুন, ২০ বাড়ি ভাংচুর, সংঘর্ষে আহত ৭

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৮:৩১
 
শুক্রবার সকালে নাটোরের লালপুর উপজেলার বাকনাই গ্রামে আওয়ামী লীগের সমর্থক ২মেম্বর প্রার্থীর লোকজনদের মধ্যে সংঘর্ষে ৭ জন আহত, অন্তত ০৭টি বাড়িতে অগ্নি সংযোগ, ২০টি বাড়িতে ভাংচুর ও লুটপাটের ঘটনা ঘটেছে। এ সময় জুয়েল নামের একজনের  ৩শ আম ও মেহগনীর চারা গাছ কেটে ফেলেছে প্রতিপক্ষের লোকেরা।
 
স্থানীয়রা জানান, বৃহস্পতিবার নির্বাচন চলাকালে লালপুর ইউনিয়নের ২ নং ওয়ার্ডের মেম্বর প্রার্থী ইউসুফ আলী ও আব্দুল হান্নানের সমর্থকদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় পানাউল্লাহ (৪৫), রুস্তম (৪০), জুয়েল (৩৫), সহ অন্তত: ৫জন আহত হয়। নির্বাচনে ইউসুফ আলী বিজয়ী হন।
 
নির্বাচনের দিনের ঘটনাকে কেন্দ্র করে  শুক্রবার সকালে ইউসুফ আলীর লোকজন হান্নানের সমর্থক আবুল কালাম আজাদকে (৩৫) কুপিয়ে জখম করে। এরপর উভয় পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। সংঘর্ষ চলাকালে ইউসুফ আলীর পক্ষের মসলেম উদ্দিন, মকসেদ আলী, শাহজাহান আলী, জুবান আলী, আইনাল, ফজিলা, আব্দুল কুদ্দুস সহ অন্তত. ১০টি বাড়িতে অগ্নি সংযোগের ঘটনা ঘটে। একই সময়ে অগ্নি সংযোগকৃত ৭ বাড়ি সহ আরো ১২/১৩টি বাড়িতে ভাংচুর ও লুট পাটের ঘটনা ঘটেছে। এ ঘটনায় আহত আবুল কালাম আজাদ, ইন্তাদুল, রায়হানকে রাজশাহী হাসপাতালে এবং অন্যদের লালপুর হাসপাতালে ভর্তি করা হয়।
 
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল হাই তালুকদার জানান, এ পর্যন্ত থানায় কেউ কোন অভিযোগ করেনি। ঘটনা স্থলে পুলিশ মোতয়ন রয়েছে।