স্টুডেন্ট কেবিনেট নির্বাচন : মধুখালীর বাগাট স্কুলে সিলেকশন!

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ১৮:৫৭
 
ফরিদপুরের মধুখালী উপজেলার অন্তর্গত বাগাট উচ্চ বিদ্যালয়ে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনে ইলেকশন না করে সিলেকশন করা এবং নমিনেশন পেপার বিক্রি করে ২০০ টাকা করে গ্রহনের অভিযোগ পাওয়া গেছে।
 
জানাগেছে, সারা দেশের মতই উপজেলার বাগাট উচ্চ বিদ্যালয়ে ৩০ মার্চ ১৬ তারিখে নির্বাচনের মাধ্যমে স্টুডেন্ট কেবিনেট নির্বাচনের তারিখ ছিল। নির্বাচনে ৮ জন প্রতিনিধির বিপরীতে মোট ১৯ জন মনোনয়ন পত্র ক্রয় করেন। কিন্ত স্থানীয় প্রভাবশালী মহলের সাথে স্কুল কর্তৃপক্ষ ১১ জনের মনোনয়ন পত্র অলৌকিক কারণে বাতিল করে ইলেকশনকে সিলেকশনে পরিনত করেন।
 
বাতিলকৃত প্রার্থীরা ইত্তেফাক সংবাদদাতাকে জানান, তাদের মনোনয়ন পত্র বাতিল হবার কোন গ্রহনযোগ্য কারণ ছিল না। এমনকি কি কারণে তাদের মনোনয়ন পত্র বাতিল করা হয়েছে তাও জানা যায়নি।
 
এ ব্যাপারে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি দেব প্রসাদ রায় কোন মন্তব্য করতে অস্বীকৃতি জানান। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. রজব আলী মোল্যা বলেন একটি প্রভাবশালী মহলের নিয়ন্ত্রণ করায় বিষয়টি এরূপ হয়েছে।
 
উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইকবাল হাসান বলেন, এ বিষয়ে তার কিছু জানা নেই।