পররাষ্ট্র প্রতিমন্ত্রী মো: শাহরিয়ার আলম বলেছেন, 'স্বাধীনতা দিবস জাতির জীবনে পরম প্রাপ্তি ও গৌরবের। এই জন্য শিক্ষার্থীদের মাঝে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরতে হবে তাহলে একাত্তরের প্রকৃত ইতিহাস তারা জানতে পারবে ।'
প্রতিমন্ত্রী শুক্রবার রাজশাহী জেলার চারঘাট উপজেলার কালুহাটি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত মহান স্বাধীনতা দিবস উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উটস্থিত ছিলেন।
আলোচনা সভায় প্রতিমন্ত্রী বলেন, 'বর্তমান সরকারের উন্নয়ন কর্মকান্ডকে সামনে রেখে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাসকে ধারণ করে আমাদের এগিয়ে যেতে হবে জনগণের ভাগ্য পরিবর্তনের লক্ষ্যে। দুর্নীতি ও সন্ত্রাস নির্মূল করে দারিদ্রমুক্ত বাংলাদেশ গড়তে হবে।'
তিনি বঙ্গবন্ধুর আদর্শ অনুসরণ করে বাংলাদেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে শেখ হাসিনার হাতকে আরো শক্তিশালী করার জন্য সকলের প্রতি আহ্বান জানান। বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউসুফ আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে উপজেলা ভারপ্রাপ্ত নিবার্হী কর্মকর্তা জাকিউল ইসলাম, উপজেলা আ'লীগের সাধারণ সম্পাদক ফকরুল ইসলাম, মুক্তিযোদ্ধা কমান্ডার মিজানুর রহমান আলমাস উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে পররাষ্ট্র প্রতিমন্ত্রী বিজয়ীদের মাঝে বিশেষ পুরস্কার বিতরণ করেন।
