নেত্রকোণার মদন উপজেলায় নির্বাচন পরবর্তী সংঘর্ষে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে বলে খবর পাওয়া গেছে।
পুলিশ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপেজলার নায়েকপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডে বিজয়ী মেম্বার জাহাঙ্গীরের লোকজন ৩১ মার্চ ফলাফল শুনে বিজয় মিছিল বের করলে তার নিকটতম প্রতিদ্বন্ধী রান্টু মিয়ায় লোকজন মিছিলে বাধা দিলে বাক্বিতণ্ডার এক পর্যায়ে জাহাঙ্গীরের ছোট ভাই সাইফুলকে দেশীয় অস্ত্র দিয়ে মাথায় আঘাত করলে ওই দিনই তাকে মদন হাসপাতালে ভর্তি করানো হয়। বর্তমানে তিনি মদন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। এরই জের ধরে শনিবার বিজয়ী মেম্বার জাহাঙ্গীরের চাচা অবসর প্রাপ্ত প্রধান শিক্ষক আজিজুল ইসলাম (৬৮) আকাশ্রী বিদ্যালয়ের সামনে গেলে রান্টু মিয়ার লোকজন তাকে মারধর করে। খবর পেয়ে বাড়ির লোকজন ছুটে আসলে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বাধে। এতে উভয়পক্ষের নারীসহ ১৫ জন আহত হয়েছে।
আহতরা হলেন, মো. আজিজুল ইসলাম (৬৮), মোঃ হুমায়ুন (৩০), আবু তাহের টিপু (৪৫), এনামুল হক দিপু (৩৫), ফেরদৌস (৩৫), মো. আলম (৪০), জুলহাস (৩৫), রফিকুল ইসলাম (৩৫), হৃদয় মিয়া (১৬), বেদেনা আক্তার (৫৫), রেহেনা আক্তারকে (৫২) মদন হাসপাতালে ভর্তি করানো হয়েছে। গুরুতর আহত আবু তাহের টিপুকে আশংকাজনক অবস্থায় কর্তব্যরত চিকিৎসক ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছেন। আহত অন্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।
এসআই সাইফুল ইসলাম তথ্যের সত্যতা নিশ্চিত করে বলেন, ‘আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।’
