অনার কিলিং বাড়ছে পাকিস্তানে

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:০৮
পাকিস্তানে দিন দিন লাগামহীন হয়ে পড়ছে বর্বর প্রথা অনার কিলিং। পরিবারের 'সম্মান' নষ্ট করার অভিযোগে শুধুমাত্র গত বছরই দেশটতে প্রায় এক হাজার ১০০ নারী নিকটাত্মীয়দের হাতে নিহত হয়েছেন।
 
২০১৪ সালে দেশটিতে প্রায় এক হাজার নারী অনার কিলিংয়ের শিকার হয়েছিলেন, আর ২০১৩ এই সংখ্যাটি ছিল ৮৬৯। দেশটির স্বাধীন মানবাধিকার কমিশন অনার কিলিংয়ের এই ভয়াবহ চিত্র তুলে ধরেছে।
 
কমিশনের প্রতিবেদনে আরো বলা হয়েছে, একই কারণে সেখানে ৯ শতাধিক নারী যৌন হয়রানীর শিকার ও ৮০০ জন আত্মহত্যার চেষ্টা করেছেন। তবে এ ধরনের অপরাধের একটি বড় অংশই প্রকাশিত হয় না।
IMG0
বর্তমান প্রধানমন্ত্রী নওয়াজ শরিফ অনার কিলিংয়ের সঙ্গে ইসলামের সম্পর্ক না থাকার কথা বললেও এটি হ্রাস পাওয়া বা বন্ধ হওয়ার কোন লক্ষণ দেখা যাচ্ছে না সেখানে।
 
২০১৫ সালের হত্যাকাণ্ডগুলো থেকে দেখা যাচ্ছে, পারিবারিক বিরোধ, 'অবৈধ সম্পর্ক' ও নিজের পচ্ছন্দমত বিয়ে করার কারণে অধিকাংশ হত্যা সংঘটিত হয়েছে। এদের মধ্যে অন্তত এক হাজার ৯৬ জন গুলিতে নিহত হয়েছেন। পরিবারের সম্মান বাঁচানোর নামে অ্যাসিড হামলার ঘটনাও খুব সাধারণ সেখানে। সূত্র: বিবিসি