ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে উত্তেজনা

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:১৩
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা জারির প্রতিবাদে শনিবার বিকেলে ফেনীতে স্বেচ্ছাসেবক দলের বিক্ষোভ মিছিলে দুগ্রুপের মধ্যে উত্তেজনার ঘটনা ঘটেছে।
 
শনিবার বিকেলে শহরের এসএসকে সড়কের সমবায় সুপার মার্কেট থেকে বিক্ষোভ মিছিল বের করতে চাইলে জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন ও সাধারণ সম্পাদক সাঈদুর রহমান জুয়েল গ্রুপের সমর্থকদের মধ্যে ব্যানারের সামনে থাকাকে কেন্দ্র করে এ উত্তেজনার ঘটনা ঘটে। পরে নেতৃবৃন্দের হস্তক্ষেপে পুনরায় মিছিলটি শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে একই স্থানে এসে শেষ হয়।
 
মিছিলে ফেনী জেলা স্বেচ্ছাসেবক দলের সভাপতি কফিল উদ্দিন মামুন, যুগ্ম সম্পাদক মজিবুর রহমান, সাংগঠনিক সম্পাদক হাসান মাহমুদ সবুজ, সদর উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক ওসমান গনি, যোবায়ের হোসেন, কাজী নজরুল ইসলাম, পৌর স্বেচ্ছাসেবক দলের নেতা মো. আলা উদ্দিন, ছাত্রদল নেতা তৌহিদুল ইসলাম আকাশ, ফখরুদ্দিন সেন্টুসহ নেতাকর্মীরা অংশ নেন।