গারিসা বিশ্ববিদ্যালয়ে নিহতদের স্মরণ করছে কেনিয়া

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ১৯:২১
বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে জঙ্গি হামলায় নিহতদের স্মরণ করছে কেনিয়ার জনগণ। এক বছর আগের এই দিনে কেনিয়ার গারিসা বিশ্ববিদ্যালয়ে চার জন আল শাবাব জঙ্গি ডরমিটরিতে ১৪৮ জনকে হত্যা করে। নিহতদের বেশিরভাগই ছিলেন বিশ্ববিদ্যালয়টির ছাত্র।
 
নিহতদের স্মরণে শনিবার হাজার হাজার মানুষ সমবেত হন। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও নাইরোবিতে প্রার্থনা ও মোমবাতি র‍্যালির প্রস্তুতি নেয়া হয়েছে। প্রেসিডেন্ট উহুরু কেনইয়াত্তা রাজধানীর র‍্যালিতে অংশ নিবেন।
 
গারিসা বিশ্ববিদ্যালয়ে হামলার আগে ১৯৯৮ সালে নাইরোবিতে যুক্তরাষ্ট্র দূতাবাসে আল কায়েদা হামলা চালিয়েছিল। ওই বোমা হামলায় ২১৩ জন নিহত হয়েছিলেন তখন।
 
প্রতিবেশী সোমালিয়া থেকে আল শাবাব জঙ্গিরা প্রায়ই কেনিয়ায় অনুপ্রবেশ করে হামলা চালায়। জঙ্গিরা বলছে, আফ্রিকান ইউনিয়নের শান্তিরক্ষী বাহিনীতে কেনীয় সেনা থাকার প্রতিশোধ হিসেবে হামলা চলাচ্ছে তারা। আল শাবাবকে মোকাবেলায় সোমালিয়ায় শান্তিরক্ষী মোতায়েন করেছে আফ্রিকান ইউনিয়ন। সূত্র: বিবিসি