কলারোয়ায় ট্রলিচাপা পড়ে শিউলী খাতুন (২১) নামে এক গৃহবধূ নিহত হয়েছেন।
শনিবার বিকাল ৫টার দিকে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। তিনি উপজেলার পাঁচপোতা গ্রামের হাসান আলী মোল্যার স্ত্রী।
প্রতাক্ষদর্শীরা জানান, শনিবার সকাল ৮টার দিকে উপজেলার পাঁচপোতা হাবুল গাজীর মোড় থেকে পানি নিয়ে বাড়ি ফিরছিলেন শিউলী খাতুন। এ সময় পিছন থেকে একটি ইট বোঝাই ট্রলির চালক নিয়ন্ত্রণ হারিয়ে তাকে ধাক্কা দেয়। গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে প্রথমে কলারোয়া ও পরে সাতক্ষীরা সদর হাসপাতালে ভর্তি করা হয়। বিকালে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শিউলী মারা যান।
কলারোয়া থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ আবু সালেহ মাসুদ জানান, ট্রলি চালককে আটক করার চেষ্টা চলছে।
