বিতর্কে অবদান রাখায় হাসান আহমেদকে সম্মাননা

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২০:৩৯
বাংলাদেশের বিতর্ক শিল্পের উন্নয়ন ও প্রাতিষ্ঠানিক রুপদানের স্বীকৃতি হিসেবে ডিবেট ফর ডেমোক্রেসি’র চেয়ারম্যান হাসান আহমেদ চৌধুরী কিরণকে আজীবন সম্মাননা জানাল লক্ষীপুরের বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক-শিক্ষা প্রতিষ্ঠান।
 
শনিবার লক্ষীপুর জেলার রায়পুর ক্লাবের উদ্যোগে স্কুল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে জেলা পরিষদ মিলনায়তনে এই সম্মাননা প্রদান করা হয়।
 
রায়পুর উপজেলার ২৪টি স্কুল ও মাদ্রাসা সপ্তাহব্যপী আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে। অনুষ্ঠানে হাসান আহমেদ চৌধুরী কিরণ প্রধান বক্তা হিসেবে উপস্থিত  ছিলেন।
 
তিনি বলেন, শিশু-কিশোরদের সুনাগরিক হিসেবে গড়ে তোলার ক্ষেত্রে রাষ্ট্র গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। সেক্ষেত্রে দেশে একটি গণতান্ত্রিক সরকারের পাশাপাশি সুশাসন অত্যন্ত জরুরি।
 
তনু হত্যাকাণ্ড প্রসঙ্গে তিনি বলেন, মেধাবী শিক্ষার্থী তনু হত্যার রহস্য উদঘাটনে ব্যর্থ আমরা। সকলে মিলে ঐক্যবদ্ধ হয়ে তনু হত্যার বিচারের দাবিতে সোচ্চার হতে হবে। ১৬ কোটি মানুষের স্বার্থে দল, মত নির্বিশেষে ঐক্যবদ্ধ হয়ে দেশ গড়ার সংগ্রামে লিপ্ত হতে হবে আজকের এই তরুণদের। 
 
বিশেষ অতিথির বক্তব্যে অতিরিক্ত জেলা প্রশাসক কংকন চাকমা বলেন, বিতর্ক যুক্তির মাধ্যমে সমাজকে গড়ে তোলে। এতে পক্ষে বিপক্ষে আলোচনার মাধ্যমে মেধা ও যুক্তির চর্চা বৃদ্ধি পায়। আর যু্িক্ত মানুষের অন্ধ বিশ্বাস দুর করে। তিনি ছাত্র-ছাত্রীদের যুক্তিবোধ সম্পন্ন মানুষ হিসেবে নিজেদের গড়ে তোলার আহবান জানান। এছাড়াও ছাত্র ছাত্রীরা আলোকিত মানুষ হিসেবে গড়ে উঠবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
 
ফাইনাল বিতর্ক প্রতিযোগিতায় “দারিদ্র্যই শিক্ষার প্রধান অন্তরায়”-শীর্ষক বিতর্কে রায়পুর মার্চেন্ট একাডেমি চ্যাম্পিয়ন ও রায়পুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে।
 
প্রতিযোগিতার বারোয়ারি বিতর্কে প্রথম দ্বিতীয় ও তৃতীয় হওয়ার গৌরব অর্জন করে যথাক্রমে শায়লা শারমিন, নুজহাত লিয়ানা ও অনন্যা কুরী। 
 
রায়পুর ক্লাবের সমন্বয়ক মারুফ বিন জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন রায়পুর রুস্তম আলী ডিগ্রি কলেজের অধ্যক্ষ মামুনুর রশিদ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ কামাল হোসেন, রায়পুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির সভাপতি রফিকুল হায়দার বাবুল পাঠান, ন্যাশনাল ডিবেট ফেডারেশনের মহাসচিব মোস্তাফিজুর রহমান খান, ডিবেট ফর ডেমোক্রেসির পরিচালক কবির হোসেন শিশির, জাতীয় বিতার্কিক মাসুদুর রহমান, জান্নাতুল ফেরদৌসী ও সাংবাদিক জিয়াউর রহমান। প্রতিযোগিতা শেষে চ্যাম্পিয়ন ও রানারআপ সহ বিজয়ী বিতার্কিকদের ট্রফি, ক্রেস্ট ও সার্টিফিকেট প্রদান করা হয়।