চলচ্চিত্রে মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার আহ্বান প্রধানমন্ত্রীর

আপডেট : ০২ এপ্রিল ২০১৬, ২২:৫৮
প্রধানমন্ত্রী শেখ হাসিনা মুক্তিযুদ্ধের চেতনা ধারণ করে মহান স্বাধীনতা ও মুক্তিযুদ্ধের সঠিক ইতিহাস তুলে ধরার জন্য চলচ্চিত্র নির্মাতাদের প্রতি আহ্বান জানিয়েছেন।
 
তিনি আশা প্রকাশ করেন, নির্মাতারা কুসংস্কার ও ধর্মান্ধতামুক্ত, অসাম্প্রদায়িক সমাজ বিনির্মাণে এগিয়ে আসবেন এবং বৈশ্বিক পরিমন্ডলে বাংলা চলচ্চিত্রের প্রসার ঘটিয়ে দেশের ভাবমূর্তি আরও উজ্জ্বল করবেন।
 
প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতীয় চলচ্চিত্র দিবস উপলক্ষে শনিবার এক বাণীতে এই আহ্বান জানান। আগামীকাল (সোমবার) 'জাতীয় চলচ্চিত্র দিবস'। এই উপলক্ষে তিনি চলচ্চিত্র সংশ্লিষ্ট শিল্পী, কলাকুশলীসহ সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন।
 
শেখ হাসিনা তার বাণীতে বলেন, 'চলচ্চিত্র হচ্ছে একটি অত্যন্ত শক্তিশালী গণমাধ্যম। মানুষের চেতনাকে শাণিত করে সমাজ উন্নয়নে চলচ্চিত্র এক অনন্য মাধ্যম হিসেবে কাজ করে যাচ্ছে। সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালি, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান চলচ্চিত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে ১৯৫৭ সালের ৩ এপ্রিল শিল্প ও বাণিজ্য মন্ত্রী হিসেবে তৎকালীন প্রাদেশিক পরিষদে চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন বিল উত্থাপন করেন।'
 
এই বিল উত্থাপনের ধারাবাহিকতায় চলচ্চিত্র নির্মাণের প্রাণকেন্দ্র এফডিসি প্রতিষ্ঠিত হয় উল্লেখ করে তিনি বলেন, 'বাংলাদেশের চলচ্চিত্রের জন্য ঐতিহাসিক গুরুত্বপূর্ণ এই দিনটিকে আমরা জাতীয় চলচ্চিত্র দিবস ঘোষণা করেছি।'
 
শেখ হাসিনা আরও বলেন, 'আমরা চলচ্চিত্র শিল্পে মেধাবী ও দক্ষ কর্মী তৈরির লক্ষ্যে ফিল্ম ও টেলিভিশন ইনস্টিটিউট প্রতিষ্ঠা করেছি। ডিজিটাল প্রযুক্তির চলচ্চিত্র নির্মাণে বিএফডিসি’র আধুনিকায়ন ও সম্প্রসারণ প্রকল্পের আওতায় বিশ্বমানের চলচ্চিত্র নির্মাণ যন্ত্রপাতি সংগ্রহ করা হয়েছে। চলচ্চিত্র প্রদর্শন ব্যবস্থা ডিজিটালাইজড করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।'