বিএনপির সদ্য পদায়নপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর গতকাল শনিবার দুই পদ থেকেই পদত্যাগ করেছেন। দলের গঠনতন্ত্রের সংশোধনীতে এক নেতার এক পদ সংযুক্তির প্রেক্ষাপটে গতকাল দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া বরাবর কৃষক দলের সভাপতি ও ঠাকুরগাঁও জেলার সভাপতির পদ থেকে পদত্যাগ পত্র জমা দিলেন তিনি। পূর্ণাঙ্গ মহাসচিব হওয়ার পর তিনি জানিয়েছিলেন, অচিরেই মূল পদটি রেখে বাকিগুলো ছেড়ে দেবেন। এবং তিনি এক নেতার এক পদ বাস্তবায়নের সূচনা ঘটাবেন।
গত ১৯ মার্চ বিএনপি’র ষষ্ঠ কাউন্সিলে গঠনতন্ত্রের সংশোধন অনুমোদন হয়। এতে এক নেতার এক পদ বিধান সংযুক্তির ফলে অর্ধশতাধিক কেন্দ্রীয় নেতাকে জেলা কমিটিসহ আরো অনেক পদ ছেড়ে দিতে হবে। মির্জা ফখরুল এতদিন কৃষক দলের ভারপ্রাপ্ত সভাপতি, ঠাকুরগাঁও জেলার সভাপতি এবং পদাধিকার বলে স্থায়ী কমিটির সদস্যসহ চারটি পদের দায়িত্বে ছিলেন। এই পদত্যাগের মধ্য দিয়ে তিনি মহাসচিব এবং পদাধিকারবলে স্থায়ী কমিটির সদস্য থাকবেন। কাউন্সিলের ১১ দিন পর মির্জা ফখরুলকে মহাসচিব করা হয়।
