জাতীয় চলচ্চিত্র দিবস আজ। দিনব্যাপী নানা আয়োজনের মধ্যদিয়ে দিবসটি পালন করবে বাংলাদেশ চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)। এবারের আয়োজনের প্রতিপাদ্য বিষয় হচ্ছে, ‘ডিজিটাল চলচ্চিত্র সম্ভাবনার নতুন দিগন্ত’। আজ রবিবার সকাল ১০টায় বিএফডিসি চত্বরে তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের উদ্বোধন করবেন। উপস্থিত থাকবেন সংস্কৃতিমন্ত্রী আসাদুজ্জামান নূর, সংসদ সদস্য সুকুমার রঞ্জন ঘোষ ও তথ্য সচিব মরতুজা আহমদ। সভাপতিত্ব করবেন জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন কমিটির চেয়ারম্যান আবদুর রাজ্জাক। এ উপলক্ষে আয়োজিত সেমিনারের ‘দর্শক সংকট ও বিলুপ্তির পথে প্রেক্ষাগৃহ : বাংলাদেশের চলচ্চিত্রের সমস্যা ও উত্তরণের উপায়’ শীর্ষক মূল প্রবন্ধ উপস্থাপন করবেন বাংলাদেশ ফিল্ম আর্কাইভের মহাপরিচালক ড. মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন। আলোচনায় অংশ নেবেন মুশফিকুর রহমান গুলজার, কাজী হায়াত্, আবদুল আজিজ প্রমুখ।
গতকাল এফডিসিতে এক সাংবাদিক সম্মেলনে বিএফডিসি’র ব্যবস্থাপনা পরিচালক তপন কুমার ঘোষ জানান, আলোচনা ছাড়াও শোভাযাত্রা, স্মরণিকা প্রকাশ, লাল গালিচা সংবর্ধনা, মেলা, স্থিরচিত্র প্রদর্শনী, চলচ্চিত্র প্রদর্শনী, পুতুল নাচ, নাগরদোলা, বায়স্কোপ ও সাংস্কৃতিক পরিবেশনা থাকবে।
উল্লেখ্য, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ১৯৫৭ সালের ৩ এপ্রিল পূর্ব পাকিস্তান প্রাদেশিক পরিষদে ‘চলচ্চিত্র উন্নয়ন কর্পোরেশন (এফডিসি)’ গঠনের প্রস্তাব উত্থাপন করেন। ওই দিনটিকে স্মরণ করে ২০১২ সালে প্রথমবার জাতীয় চলচ্চিত্র দিবস উদযাপন করা হয়।
