এইচএসসি ও সমমানের পরীক্ষা শুরু হয়েছে। রবিবার সকাল ১০টা থেকে এ পরীক্ষা শুরু হয়। এবারের পরীক্ষায় প্রায় সোয়া ১২ লাখ শিক্ষার্থীর অংশ নেন।
প্রথমদিনের এইচএসসিতে বাংলা (আবশ্যিক) প্রথমপত্র, সহজ বাংলা প্রথমপত্র, বাংলা ভাষা ও বাংলাদেশের সংস্কৃতি প্রথমপত্র, বাংলা (আবশ্যকি) প্রথমপত্র (ডিআইবিএস) এবং আলিমে কোরআন মাজিদের পরীক্ষা চলছে।
কারিগরিতে বাংলা-২ (১১২১) ও বিকেলে বাংলা-১ (১১১১) বিষয়ের পরীক্ষা হবে। সকালের পরীক্ষা ১০টা থেকে শুরু হওয়া চলবে দুপুর ১টা পর্যন্ত। আর বিকালের পরীক্ষা হবে ২টা থেকে ৫টা পর্যন্ত।
এবার থেকে এই পরীক্ষায় প্রথমে বহু নির্বাচনী (এমসিকিউ) ও পরে রচনামূলক (তত্ত্বীয়) পরীক্ষা অনুষ্ঠিত হবে। উভয় পরীক্ষার মধ্যে থাকবে ১০ মিনিটের বিরতি।
আটটি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি বোর্ডের অধীনে এবার ১২ লাখ ১৮ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী এ পরীক্ষায় অংশ নেবে। যা গত বছরের তুলনায় এবার এক লাখ ৪৪ হাজার ৭৪৪ জন বেশি শিক্ষার্থী অংশ নিচ্ছেন পরীক্ষায়।
এবার মোট অংশ নেওয়া পরীক্ষার্থীর মধ্যে ছাত্র ৬ লাখ ৫৪ হাজার ১১৪ জন ও ছাত্রী ৫ লাখ ৬৪ হাজার ৫১৪ জন।
আটটি সাধারণ শিক্ষা বোর্ডের অধীনে এইচএসসিতে ১০ লাখ ২০ হাজার ১০৯ জন, মাদ্রাসা বোর্ডের অধীনে আলিমে ৯১ হাজার ৫৯১ জন, কারিগরি বোর্ডের অধীনে এক লাখ ২ হাজার ১৩২ জন ও ডিআইবিএসে (ডিপ্লোমা ইন বিজনেস স্টাডিজ) ৪ হাজার ৭৯৬ জন শিক্ষার্থী অংশ নিচ্ছেন।
