উত্তর কোরিয়ায় নিষিদ্ধ ফেসবুক-টুইটার-হোয়াটসঅ্যাপ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১০:২৮
কথায় বলে, শিবঠাকুরের আপন দেশে, আইন-কানুন সর্বনেশে! উত্তর কোরিয়ার জন্য কথাটা শতভাগ সত্য। দেশটির সাধারণ মানুষের চুলের ছাঁট থেকে শুরু করে টিভি চ্যানেল দেখা -সবটাই সে দেশের দোর্দণ্ডপ্রতাপ শাসক কিম জং উন ঠিক করে দেন। তার মতো যুদ্ধবাজ নেতা যে তার দেশবাসীকে ওয়েব দুনিয়ায় অবাধ বিচরণ করতে দেবেন না, সে কথা বলাই বাহুল্য!
 
চলতি সপ্তাহে উত্তর কোরিয়া আনুষ্ঠানিকভাবে ঘোষণা দিয়েছে, সে দেশের বাসিন্দারা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ইউটিউব, টুইটার ব্যবহার করতে পারবে না। সে দেশের টেলিকমিউনিকেশন মন্ত্রী এক বিবৃতিতে এ ঘোষণা দিয়েছেন। দেশের সবচেয়ে বড় মোবাইল সার্ভিস প্রোভাইডার 'কোরিওলিঙ্ক' এই খবরের সত্যতা স্বীকার করে নিয়েছে৷
 
তা বলে যেন ভাববেন না, উত্তর কোরিয়ার বাসিন্দারা এতদিন মুক্তমনে ইন্টারনেট সার্ফ করতে পারতেন। কোন সাইট খোলা যাবে, কোনটা যাবে না-সেটাও এতদিন ঠিক করে দিত সরকার। কিন্তু বিদেশি নাগরিকদের জন্য এই বাধানিষেধ ছিল না। এখন সে দেশের নাগরিক বা বিদেশি- প্রত্যেকের জন্যই একই নিয়ম চালু হয়ে গেল। সরকারি নির্দেশ জারি করে হোয়াটসঅ্যাপ, ইউটিউব, ফেসবুক, টুইটার ও ভয়েস অফ আমেরিকার মতো খবরের ওয়েবসাইট বন্ধ করে দেওয়া হল।