সাভারের আশুলিয়ায় একটি কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা।
শনিবার গভীর রাতে আশুলিয়া ইউনিয়নের পাড়াগ্রাম এলাকায় উইলসন কিন্ডার গার্টেন অ্যান্ড হাইস্কুলে অগ্নিসংযোগের এ ঘটনা ঘটে। আগুনে প্রায় দশ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে ধারণা করছে স্কুল কর্তৃপক্ষ।
স্কুলের অধ্যক্ষ মরজিনা আক্তার জানান, গভীর রাতে পাড়াগ্রাম এলাকায় ওই স্কুলের একটি কক্ষে আগুন দেয় দুর্বৃওরা। মুহূর্তের মধ্যেই পুরো স্কুলে ছড়িয়ে পড়ে আগুন। এসময় স্কুলের ১১টি কক্ষ পুড়ে যায়।
তিনি আরো জানান, এতে স্কুলের বই পত্র কম্পিউটারসহ মূল্যবান কাগজপত্র পুড়ে যায়। পরে এলাকাবাসী খবর পেয়ে পানি দিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। খবর পেয়ে আশুলিয়া থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।
খবর পেয়ে স্থানীয় ইউপি চেয়ারম্যান হেলাল উদ্দিন মাদবর ও আওয়ামী লীগ নেতা শাহাবুদ্দিন মাদবর ঘটনাস্থল পরিদর্শন করে সরকারের পক্ষ থেকে ক্ষতিপূরণ দেয়ার আশ্বাস দেন।
আশুলিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মহসিনুল কাদির জানান, স্কুলে আগুন দেয়ার খবর শুনে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। এ ঘটনায় আশুলিয়া থানায় মামলার প্রস্তুতি চলছে।
