বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া ও সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ড্যান্ডি ডায়িং ঋণখেলাপি মামলায় সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
রবিবার প্রথম সাক্ষী হিসেবে আংশিক সাক্ষ্য দেন মামলার বাদী সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। পরে বিবাদীপক্ষের সময়ের আবেদনের প্রেক্ষিতে ১৭ এপ্রিল পর্যন্ত সাক্ষ্যগ্রহণ মুলতবি করেন ঢাকার প্রথম অর্থঋণ আদালতের বিচারক ফাতেমা ফেরদৌসের আদালত।
সোনালী ব্যাংকের পক্ষে ছিলেন আইনজীবী অ্যাডভোকেট জাহাঙ্গীর আলম ও অ্যাডভোকেট হোসনে আরা বেগম সাক্ষ্যগ্রহণে সহায়তা করেন।
বিবাদীপক্ষের আইনজীবী অ্যাডভোকেট সানাউল্লাহ মিয়া, অ্যাডভোকেট মাসুদ আহমেদ তালুকদার ও অ্যাডভোকেট আহমেদ আজম খান আদালতে হাজির ছিলেন।
গত ২ ফেব্রুয়ারি বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানসহ ১৬ বিবাদীর বিরুদ্ধে ইস্যু গঠন করেন আদালত।
২০১৩ সালের ২ অক্টোবর ঢাকার প্রথম অর্থঋণ আদালতে মামলাটি করেন সোনালী ব্যাংকের স্থানীয় কার্যালয় শাখার সিনিয়র নির্বাহী কর্মকর্তা নজরুল ইসলাম। ৪৫ কোটি ৫৯ লাখ ৩৭ হাজার ২৯৫ টাকা ঋণখেলাপির অভিযোগে এ মামলাটি দায়ের করা হয়।
