মির্জা ফখরুলের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি ২২ আগস্ট

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৩:৪৪
 
নাশকতার মামলায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ৩৬ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানির জন্য ২২ আগস্ট দিন ধার্য করেছে আদালত। রবিবার ঢাকা চতুর্থ মহানগর দায়রা জজ এবিএম রুহুল আমিন আসামি পক্ষের সময়ের আবেদনের পরিপ্রেক্ষিতে নতুন তারিখ ধার্য করেন।
 
মির্জা ফখরুল অসুস্থতাজনিত কারণে আদালতে হাজির না হওয়ায় তার আইনজীবী জয়নুল আবেদীন মেজবাহ অভিযোগ গঠন শুনানি পেছানোর জন্য সময়ের আবেদন করেন।
 
মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৩ সালের ২ মার্চ বিকালে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বিক্ষোভ সমাবেশ শেষে আসামিরা শান্তিনগর ও চামেলীবাগের টুইন টাওয়ারের সামনে চলাচলরত যানবাহনে ভাঙচুর ও অগ্নিসংযোগ করেন। এছাড়া পাঁচটি ককটেলের বিস্ফোরণ ঘটানো হয়।
 
ঘটনার দিনই পল্টন থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান বাদী হয়ে মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ ২৬ জনকে আসামি করে মামলা করেন। ২০১৫ সালের ১১ মে ডিবি পুলিশের পরিদর্শক এনামুল হক ঢাকার মুখ্য মহানগর হাকিম আদালতে চার্জশিট দেন।