লুমিয়ার সবচেয়ে হালকা স্মার্টফোন বাজারে

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৩:৫৬
বাংলাদেশের বাজারে লুমিয়া ৬৫০ মোবাইল ফোন সেটের খুচরা বিক্রি শুরু করতে যাচ্ছে মাইক্রোসফট কর্পোরেশন। দেশের গ্রাহকদের জন্য লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটির দাম ধরা হয়েছে ১৯ হাজার ২০০ টাকা।
 
লুমিয়া ৬৫০ ডিভাইসটি অত্যাধুনিক ডিজাইনে (নকশা) তৈরি। এর ফ্রেম বা কাঠামো অ্যালুমিনিয়ামের এবং ডায়মন্ড কাটে তৈরি। এটি লুমিয়ার সবচেয়ে হালকা হ্যান্ডসেট, যেটির পুরুত্ব মাত্র ৬ দশমিক ৯ মি. মি.।
 
ডিভাইসটিতে ১২৮০–৭২০ পিক্সেল রেজ্যুলেশনের ৫ ইঞ্চি এইচডি ডিসপ্লে রয়েছে, যা ছবি অত্যন্ত নিখুঁত ও ঝকঝকে দেখায়। এমনকি সূর্যের আলোতেও এর ডিসপ্লেতে ছবি দেখা যাবে স্পষ্ট। ডিসপ্লে সুরক্ষায় ব্যবহার করা হয়েছে করনিং গরিলা গ্লাস।
 
১ গিগাবাইট র‍্যামের এ ডিভাইসে ১ দশমিক ৩ গিগাহার্টজের কোয়াড-কোর কোয়ালকম স্ন্যাপড্রাগন প্রসেসর ব্যবহার করা হয়েছে। এতে ১৬ গিগাবাইট অভ্যন্তরীণ তথ্য সংরক্ষণের ব্যবস্থা রয়েছে, যা মাইক্রো এসডি কার্ডের মাধ্যমে ২০০ গিগাবাইট পর্যন্ত বাড়ানো যাবে।
 
স্মার্টফোনটিতে ৮ মেগাপিক্সেলের রিয়ার ক্যামেরার পাশাপাশি রয়েছে ৫ মেগাপিক্সেলের ফ্রন্ট ফেসিং ক্যামেরা।
 
ব্যবসায়ী গ্রাহকদের জন্য লুমিয়া ৬৫০ হ্যান্ডসেটটি বিশেষভাবে উপযোগী। ডিভাইসটির ব্যবহারিক নিরাপত্তা বেশ দৃঢ়। এতে ব্যবসায়ীদের ব্যবহার উপযোগী বিভিন্ন সফটওয়্যার ব্যবহারের সুবিধা রাখা হয়েছে।
 
স্মার্টফোন ডিভাইসটি টুজি, থ্রিজি ও ফোরজি নেটওয়ার্কের পাশাপাশি ওয়াই-ফাই, ব্লুটুথ, এনএফসি সংযোগ সমর্থন করবে।