নিখোঁজের পাঁচঘণ্টা পর নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ থেকে দৃক গ্যালারির প্রশাসনিক কর্মকর্তা ইরফানুল ইসলামের (৪২) লাশ উদ্ধার করা হয়েছে। শনিবার বিকাল পাঁচটার দিকে পুলিশ অজ্ঞাত পরিচয় লাশ হিসেবে উদ্ধার করে নারায়ণগঞ্জ জেনারেল হাসাপাতাল মর্গে পাঠানো হয়। রবিবার সকালে নিখোঁজের স্বজনরা গিয়ে লাশ শনাক্ত করে।
দৃক গ্যালারি সূত্রে জানা গেছে, শনিবার বেলা ১২টার দিকে ধানমন্ডি আট নম্বর রোডে ডাচ বাংলা ব্যাংবের সামনে থেকে নিখোঁজ হন ইরফানুল ইসলাম। নিখোঁজের সময়ে তার পরণে ছিল হলুদ রঙের পাঞ্জাবি ও সাদা পায়জামা। এই ঘটনায় দৃক গ্যালারির পক্ষ থেকে ধানমন্ডি থানায় একটি জিডি করা হয়।
এদিকে সিদ্ধিরগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) জানিয়েছে, শনিবার বিকাল পাঁচটার দিকে পথচারীদের কাছ থেকে খবর পেয়ে ঢাকা-নারায়ণগঞ্জ রিংরোডের জালকুঁড়ি নামক স্থানের একটি পেট্রোল পাম্পের পাশের একটি ডোবা থেকে লাশ উদ্ধার করা হয়। এসময় লাশের মুখ থেকে সাদা ফেনা বের হচ্ছিল। শরীরে কোনো আঘাতের চিহ্ন এখন পর্যন্ত পাওয়া যায়নি। আজ দুপুরে নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালে ময়নাতদন্ত সম্পন্ন করা হয়েছে।
