বগুড়ায় সড়ক দুর্ঘটনায় স্বামী-স্ত্রী নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৫:০০
বগুড়ার শেরপুর উপজেলায় বালু বোঝাই ট্রাকের সঙ্গে সিএনজি চালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে স্বামী ও স্ত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে চারজন।
 
রবিবার উপজেলাধীন বগুড়া-ঢাকা মহাসড়কের কৃষ্ণপুর নামক স্থানে এ ঘটনা ঘটে।
 
স্থানীয়রা জানায়, দুপুর ১২টার দিকে ওই মহাসড়কের কৃষ্ণপুর নামক  স্থানে শেরপুর থেকে মির্জাপুরগামী একটি সিএনজি চালিত অটোরিকশাটির সঙ্গে মির্জাপুর থেকে শেরপুরগামী বালু বোঝাই ওই ট্রাকটির মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশার ছয় যাত্রী আহত হন। আহতদের দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর উপজেলার কেল্লাকুশি গ্রামের ঠান্ডু মিয়া (৫০) মারা যান। গুরুতর আহত ঠান্ডুর স্ত্রী আনজিলা বেগমকে (৩৫) বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পর তিনিও মারা যান। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।
 
শেরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান মোহাম্মদ  এরফান আলী তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।