জয়পুরহাট জেলা শহরের কালেক্টরেট এলাকায় রবিউল ইসলাম (১৭) নামে এক স্কুলছাত্র ছুরিকাঘাতে খুন হয়েছেন। পুলিশ লাইনস স্কুলের দশম শ্রেণীর ছাত্র রবিউল শহরের আরাফাত নগর এলাকার বেলাল মীর্জার ছেলে।
শনিবার সকালে সার্কিট হাউজের পশ্চিম পাশের রাস্তায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় মামলা হয়েছে।
পুলিশ ও প্রতক্ষ্যদর্শীরা জানায়, এ খুনের সঙ্গে জড়িত একমাত্র আসামি শহরের মন্ডল পাড়া এলাকার ফিরোজ হোসেনের ছেলে সেরেকুল ইসলাম সেজাকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। পাঁচবিবি উপজেলার সীমান্ত সংলগ্ন আটাপাড়া গ্রাম থেকে রবিবার ভোরে তাকে গ্রেফতার করা হয়।
জানা গেছে, শনিবার সকালে সার্কিট হাউজের পাশের রাস্তায় রবিউল ও সেরেকুলের মধ্যে বাক্বিতণ্ডার এক পর্যায়ে ধস্তাধস্তি হয়। এ সময় রবিউলের কাছে থাকা চাকুটি মাটিতে পড়ে যায়। সেই চাকু নিয়ে রবিউলকে ছুরিকাঘাত করে সেরেকুল পালিয়ে যায়। এলাকার লোকজন গুরুতর আহত রবিউলকে প্রথমে জয়পুরহাট আধুনিক হাসপাতালে ভর্তি করায়। অবস্থার অবনতি হলে তাকে বগুড়া জিয়াউর রহমান মেডিক্যাল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার দিনগত রাত সাড়ে ১০টায় তার মৃত্যু হয়। রাতেই পিতা বেলার মীর্জা বাদী হয়ে সেরেকুলকে একমাত্র আসামি করে মামলা করলে পুলিশ ভোরে তাকে গ্রেফতার করে।
জয়পুরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন জানান, দুইজনের মধ্যে সিনিয়র জুনিয়র নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব থাকলেও মন্ডলপাড়া ও আরাফাত নগরে আধিপত্য বিস্তার নিয়ে এ ঘটনা ঘটেছে।
