বগুড়ায় হরিবাসরে যুবক খুন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:১৭
বগুড়ার শাজাহানপুর উপজেলায় হিন্দু সম্প্রদায়ের হরিবাসরে নারীদের উত্ত্যক্ত করার প্রতিবাদ করায় ছুরিকাঘাতে সনাতন চন্দ্র মদক (২৮) নামে এক যুবক খুন হয়েছেন। এ ঘটনায় হিন্দু সম্প্রদায়ের মধ্যে ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে। সনাতন উপজেলার গন্ডগ্রাম হিন্দু পাড়ার সুরেশ মদকের ছেলে।
 
শনিবার রাত ১১ টার দিকে গন্ডগ্রাম কালিবাড়ি এলাকায় এ ঘটনা ঘটে। ঘ্টনায় জড়িত অভিযোগে পুলিশ রাতেই দুইজনকে গ্রেফতার করেছে। এ ঘটনায় নিহতের বাবা সুরাত দাস বাদী হয়ে চারজনের নাম উল্লেখসহ আট থেকে ১০ জনকে আসামি করে মামলা করেছে ।
 
জানা গেছে,  গণ্ডগ্রাম কালিবাড়িতে শুক্রবার ভোররাত থেকে হিন্দু সম্প্রদায়ের হরিবাস শুরু হয়। শনিবার রাত ১১ টার দিকে হরিবাসরে যাওয়া  নারীদেরকে উত্ত্যক্ত করে স্থানীয় কিছু যুবক। এ সময় রতন নামের এক যুবক প্রতিবাদ করলে তাকে মারধর করে উত্ত্যক্তকারীরা। এসময় রতনের শ্যালক সনাতন মদক সন্ত্রাসীদের কবল থেকে রতনকে উদ্ধার করতে গেলে তাকে ছুরিকাঘাত করে। স্থানীয় লোকজন উদ্ধার করে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এ ঘটনার পর পুলিশ রাতেই অভিযান চালিয়ে দুই যুবককে গ্রেফতার করে।
 
শাজাহানপুর থানার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আলমগীর হোসেন তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।