দায় ইসির, আওয়ামী লীগের নয় : হানিফ

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৮:১৩
 
'ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনে আওয়ামী লীগ জালিয়াতি করেছে' বিএনপির এমন অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেছেন, 'ভোট অবাধ,সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন করার দায়িত্ব নির্বাচন কমিশনের।'
 
বিএনপির নানা অভিযোগের মধ্যে রবিবার ধানমণ্ডিতে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে একথা বলেন তিনি। ছয় ধাপের ইউপি নির্বাচনের দুই ধাপ ইতোমধ্যে শেষ হয়েছে। এতে সহিংসতায় ২৫ জনের বেশি নিহত হয়েছেন। ব্যাপক জালিয়াতির অভিযোগ করে পরবর্তী ধাপগুলো বর্জনের হুমকি দিয়ে রেখেছে বিএনপি।
 
হানিফ বলেন, 'নির্বাচন কমিশন সম্পূর্ণ স্বাধীন। নির্বাচনকে শান্তিপূর্ণ ও অবাধ করার জন্য তারা (নির্বাচন কমিশন) যে কোনো ধরণের পদক্ষেপ নিতে পারেন। কঠোর আইনের ব্যবস্থা নেবেন এটাই আমাদের প্রত্যাশা।'
 
হানিফ আইনশৃঙ্খলা বাহিনীকে কঠোর হওয়ার আহ্বান জানিয়ে বলেন, 'নির্বাচন বা নির্বাচন পরবর্তী কোনো সহিংসতা বাংলাদেশ আওয়ামী লীগ দেখতে চায় না।' তৃণমূলের এই নির্বাচনকে শান্তিপূর্ণ রাখতে দলের নেতা-কর্মীদের কঠোর হুঁশিয়ারিও দেন আওয়ামী লীগের যুগ্মসাধারণ সম্পাদক।
 
বিএনপির নির্বাচন বর্জনের হুমকির বিষয়ে হানিফ বলেন, 'সরকারের ভাবমূর্তিকে নষ্ট করার জন্য বার বার চক্রান্ত করা হয়েছে দেশে এবং দেশের বাইরে থেকে। এই নির্বাচনকে বিতর্কিত করার জন্য একাত্তরের পরাজিত শক্তি, পঁচাত্তরের শক্তি এবং একাত্তরের পরাজিত শক্তির এদেশীয় দোসররা অশুভ চক্রান্তে লিপ্ত আছে। তাদের অশুভ চক্রান্তের অংশ হচ্ছে নির্বাচনকে বিতর্কিত করা, নির্বাচন কমিশনকে বিতর্কিত করা।'
 
বিএনপি নির্বাচনকে বিতর্কিত করার উদ্দেশ্য থেকেই ভোট বর্জনের হুমকি দিচ্ছে বলে মন্তব্য করেন আওয়ামী লীগ নেতা। ইউপি নির্বাচনের চতুর্থ ধাপে দলীয় প্রার্থী ঘোষণা করতে আওয়ামী লীগের এই সংবাদ সম্মেলন হয়।
 
এতে হানিফ ছাড়াও উপস্থিত ছিলেন যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক বি এম মোজ্জাম্মেল হক, খালিদ মাহমুদ চৌধুরী, কৃষিবিষয়ক সম্পাদক আবদুর রাজ্জাক, দপ্তর সম্পাদক আবদুস সোবহান গোলাপ, তথ্য ও গবেষণা সম্পাদক আফজাল হোসেন, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক বদিউজ্জামান ডাবলু, উপ-প্রচার সম্পাদক অসীম কুমার উকিল, কার্যনির্বাহী সদস্য সুজিত রায় নন্দী, আমিনুল ইসলাম আমিন, এসএম কামাল হোসেন প্রমুখ। বিডি নিউজ।