খালেদা জিয়া মঙ্গলবার আদালতে আত্মসমর্পণ করবেন

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:০৮
বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়া রাজধানীর যাত্রাবাড়ীতে বাসে পেট্রোল বোমা মেরে মানুষ হত্যার ঘটনায় আনা মামলায় মঙ্গলবার ৫ এপ্রিল আদালতে আত্মসমর্পণ করবেন।
 
খালেদা জিয়ার পক্ষে আইনজীবী সানাউল্লাহ মিয়া রবিবার এই বিষয়ে জানান, ঢাকা মহানগর দায়রা জজ (১ নম্বর মহানগর বিশেষ ট্রাইব্যুনাল) কামরুল হোসেন মোল্লার আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করবেন।
 
একই সূত্র থেকে জানা যায়, মামলায় পুলিশের দাখিল করা অভিযোগপত্র গ্রহণ করে গত ৩০ মার্চ আদালত এই মামলায় খালেদা জিয়াসহ ২৮ আসামির বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করে। আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা তামিল বিষয়ে প্রতিবেদন দাখিলের জন্য ২৭ এপ্রিল তারিখ ধার্য রয়েছে।
 
এই মামলার ৩৮ আসামির মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য এমকে আনোয়ার, সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ, বিএনপি নেতা আমান উল্লাহ আমান, শিক্ষক নেতা সেলিম ভূঁইয়াসহ ছয়জন জামিনে রয়েছেন।
 
উল্লেখ্য, গত বছর ৫ জানুয়ারি খালেদা জিয়া লাগাতার অবরোধ ডাকার পর দেশের বিভিন্ন স্থানে পেট্রোল বোমা হামলা চালিয়ে গাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটে। এতে বহু হতাহত হয়। ২৩ জানুয়ারি রাজধানীর যাত্রাবাড়ীর কাঠের পুল এলাকায় গ্লোরি পরিবহনের একটি বাসে পেট্রোল বোমা ছোড়া হলে অগ্নিদগ্ধ ও আহত হন ৩০ জন। এর মধ্যে নূর আলম নামে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যায়।
 
এই ঘটনায় যাত্রাবাড়ী থানা পুলিশ দুটি মামলা করে, যাতে অবরোধ আহ্বানকারী বিএনপি চেয়ারপার্সনকে করা হয় হুকুমের আসামি। ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ঘটনার পরিকল্পনাকারী হিসেবে বিএনপির ১৮ নেতার নাম উল্লেখ করা হয়। এছাড়া পরিকল্পনা বাস্তবায়নকারী হিসেবে যাত্রাবাড়ী এলাকার বিএনপির ৫০ নেতাকর্মীকে আসামি করা হয়।