নিজেদের পুলিশের সহকারী পুলিশ সুপার (এএসপি) ও ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পরিচয় দিয়ে অভিনব কায়দায় বিকাশের মাধ্যমে মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে ব্রাক্ষণবাড়িয়া থেকে ভুয়া এএসপিসহ প্রতারকচক্রের ৪ সদস্যকে গ্রেফতার করেছে বগুড়ার পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন (পিবিআই) সদস্যরা। এ সময় তাদের কাছে থেকে মোবাইল ফোন ও নগদ টাকা উদ্ধার করা হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন ব্রাক্ষণবাড়িয়া জেলার বিজয়নগর থানার চরইসলামপুর গ্রামের কালু মিয়ার ছেলে জাকির হোসেন (২১), সদর উপজেলার মজলিশপুর গ্রামের আব্দুল মতিনের ছেলে এএসপি পরিচয়দানকারী মুসা মিয়া (২২), একই গ্রামের কদু খাঁর ছেলে ইলিয়াস (৩১) ও বিজয়নগর থানার ইসলামপুর পূর্ব পাড়ার আব্দুল হাফেজের ছেলে বিকাশ এজেন্ট রবিউজ্জামান। এ ঘটনায় তাদের বিরুদ্ধে বগুড়া সদর থানায় মামলা দায়ের হয়েছে।
রবিবার দুপুরে পিবিআই বগুড়া জেলা কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার আকতার হোসেন জানান, গত ২৬ মার্চ বগুড়ার জাহাঙ্গীর হোসেন নামে এক ব্যক্তির কাছে ওসি পরিচয়ে জাকির হোসেন ফোন করে জানান, তার ছেলে কক্সবাজার হাসপাতালে ভর্তি রয়েছে। এরপর অভিযুক্ত অন্যান্যরা পুলিশের পরিচয়ে তার সাথে কথা বলে। দুর্ঘটনার খবর পেয়ে অ্যাড. জাহাঙ্গীর ছেলের চিকিৎসার জন্য ২০ হাজার ৪০০ টাকা বিকাশে পাঠান। পরে প্রতারিত হয়েছেন বুঝতে পেরে বগুড়া সদর থানায় ৩১ মার্চ মামলা দায়ের করেন।
এরপর পিবিআই সদস্যরা শনিবার দিবাগত রাতে ব্রাক্ষণবাড়িয়া থেকে তাদের ৪ জনকে গ্রেফতার করে। সংবাদ সম্মেলনে পিবিআইর পরিদর্শক রেজাউল করিম রেজা, উপ-পরিদর্শক (এসআই) রাকিবুল হাসান ও এসআই সারোয়ার জাহানসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
