পেট্রলবোমা হামলা : গাইবান্ধায় বিএনপির সভাপতিসহ ৭৭ জনের বিরুদ্ধে অভিযোগপত্র

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ১৯:৩৬
এক বছর এক মাস ১৯ দিন পর গাইবান্ধা সদর উপজেলার তুলশীঘাট এলাকায় বাসে পেট্রলবোমা হামলার মামলার অভিযোগপত্র দিয়েছে পুলিশ।
 
অভিযোগপত্রে জেলা বিএনপির সভাপতি আনিছুজামান খান,  গাইবান্ধা সদর উপজেলা ভাইস চেয়ারম্যান বিএনপি নেতা মোরশেদ হাবীব, জেলা জামায়াতের আমীর আব্দুর রহিম সরকার ও বরখাস্তকৃত পলাশবাড়ী উপজেলা চেয়ারম্যান জামায়াত নেতা নজরুল ইসলামসহ ৭৭ জনকে অভিযুক্ত করা হয়। গত ২৫ মার্চ আদালতে অভিযোগপত্র দেয়া হলেও রবিবার বিষয়টি স্থানীয় সাংবাদিকদের নজরে আসে।
 
মামলার তদন্তকারি কর্মকর্তা গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক হাবিবুর রহমান জানান, মামলার স্বপক্ষে কাগজপত্র সংগ্রহ এবং আসামিদের শনাক্ত করতে বিলম্ব হয়। ফলে অভিযোগপত্র প্রদানে বিলম্ব হয়েছে। তিনি বলেন, গত ২৫ মার্চ গাইবান্ধার অতিরিক্ত মুখ্য বিচারিক হাকিম আদালতে ওই অভিযোগপত্র দেয়া হয়।
 
২০১৫ সালের ৬ ফেব্রুয়ারি রাত নয়টায় গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার সীচা থেকে প্রায় ৬০ জন যাত্রী নিয়ে নাপু পরিবহনের একটি বাস পুলিশ পাহারায় ঢাকার পথে রওনা দেয়। বাসটি রাত সোয়া ১১টার দিকে গাইবান্ধা সদর উপজেলার তুলসীঘাট পল্লী বিদ্যুৎ কার্যালয় সংলগ্ন এলাকায় পৌঁছলে দূবৃর্ত্তরা বাসটি লক্ষ্য করে পেট্রলবোমা নিক্ষেপ করে। এতে শিশুসহ আটজন নিহত এবং অন্তত ৪০ জন দগ্ধ হন। এই ঘটনায় গাইবান্ধা সদর থানার উপ-পরিদর্শক মাহবুব হোসেন বাদী হয়ে ৬০ জনের নাম উল্লেখ করে ও ২৮ থেকে ৩০ জনকে অজ্ঞাত দেখিয়ে ৭ ফেব্রুয়ারি বিশেষ ক্ষমতা আইনে সদর থানায় মামলা দায়ের করেন।