স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেছেন, 'দশম জাতীয় সংসদ নির্বাচন না হলে দেশে গণতন্ত্র থাকতো না। সেই সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা সাহসী উদ্যোগ নিয়ে নির্বাচন না করলে দেশে মার্শাল ল' আসতো।'
মোহাম্মদ নাসিম রবিবার বিকালে শরীয়তপুর জেলার পূর্ব মাদরীপুর কলেজ মাঠে উপজেলা আওয়ামী লীগ আয়োজিত বিশাল জনসাভায় প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন। এই সময় নাসিম তার বক্তৃতায় বলেন, 'আওয়ামী লীগের শাসন আমলে স্বাস্থ্য ক্ষেত্রে অভুতপূর্ব উন্নতি হয়েছে। আওয়ামী লীগ যখনই ক্ষমতায় আসে তখনই দরিদ্রদের চিকিৎসার জন্য ব্যাপক কর্মসূচি গ্রহণ করে।'
তিনি আরও বলেন, 'বিএনপি সরকারের আমলে স্বাস্থ্য ক্ষেত্রে ব্যাপক অনিয়ম-দুর্নীতির জন্য স্বাস্থ্য ব্যবস্থা ভেঙ্গে পড়েছিলো। কিন্তু বর্তমান প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পর তার দৃঢ়তা, বিচক্ষণতা ও সাহসিকতাপূর্ণ পদক্ষেপের কারণে বর্তমানে স্বাস্থ্য ক্ষেত্রের ব্যাপক উন্নয়ন হয়েছে।'
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম জনসভায় যোগদানের পূর্বে ডামুড্যা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নবনির্মিত ৫০ শয্যা বিশিষ্ট ডামুড্যা উপজেলা হাসপাতাল ভবন, ৫০ শয্যা বিশিষ্ট গোসাইরহাট উপজেলা হাসপাতাল ভবন ও গোসাইরহাট উপজেলার কোদালপুর ইউনিয়নে ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু হাসপাতালের ফলক উন্মোচন করে তিনটি হাসপাতাল উদ্বোধন করেন।
