দেশের বিভিন্ন জেলায় দায়েরকৃত মানহানির ৬৮টি মামলায় চার সপ্তাহের জামিন পেয়েছেন ইংরেজি দৈনিক ডেইলি স্টার সম্পাদক মাহফুজ আনাম। বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি আমির হোসেনের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার তার জামিন মঞ্জুর করে আদেশ দেন।
বিগত সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে নিয়ে প্রতিবেদন প্রকাশ করে তার মানহানি ঘটানোর অভিযোগে দেশের বিভিন্ন জেলায় মাহফুজ আনামের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। আওয়ামী লীগের বিভিন্ন অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা এসব মামলা করেন। নিম্ন আদালতে দায়েরকৃত মামলার মধ্যে ৬৮টিতে জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেন মাহফুজ আনাম। আবেদনের পক্ষে প্রবীণ আইনজীবী ব্যারিস্টার রফিক-উল হক এবং রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল শেখ একেএম মনিরুজ্জামান কবির শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট জামিন মঞ্জুর করে। প্রসঙ্গত বেশ কিছু মামলায় মাহফুজ আনাম ইতিমধ্যে নিম্নে আদালত থেকে জামিন পেয়েছেন।
