আপিলেও এ্যানির জামিন বহাল

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১২:২৩
 
বিএনপি নেতা শহীদ উদ্দিন চৌধুরী এ্যানিকে অবৈধ সম্পদ অর্জন মামলায় হাইকোর্টের দেয়া জামিন বহাল রেখেছে আপিল বিভাগ। সোমবার প্রধান বিচারপতি এস কে সিনহার নেতৃত্বাধীন চার বিচারপতির আপিল বেঞ্চ এ আদেশ দেন।
 
আদালতে এ্যানির পক্ষে শুনানি করেন সিনিয়র আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন অ্যাডভোকেট সগীর হোসেন লিওন। অপরদিকে দুদকের পক্ষে ছিলেন খুরশিদ আলম খান।
 
মামলার বিবরণ থেকে জানা যায়, শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি দুদকে দাখিলকৃত সম্পদ বিবরণীতে ১৩ লাখ ১৩ হাজার ৯৪০ টাকার সম্পদের তথ্য গোপন করেছেন। এ ছাড়া দুদকের অনুসন্ধানে তার বিরুদ্ধে মোট ১ কোটি ৪০ লাখ ৪২ হাজার ৬৭০ টাকার জ্ঞাত আয়-বহির্ভূত সম্পদ অর্জনের প্রমাণ পাওয়া গেছে। তাই তার বিরুদ্ধে দুদক আইন-২০০৪-এর ২৬ (২) ও ২৭ (১) ধারায় মামলাটি দায়ের করা হয়।
 
২০১৫ সালের ১০ অক্টোবর এ্যানির বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন (দুদক)। রাজধানীর রমনা থানায় (মামলা নম্বর-১৪) দুদকের উপ-পরিচালক মো. মঞ্জুর মোর্শেদ বাদী হয়ে মামলাটি দায়ের করেন।