কাটাপ্পা কেন মেরে ফেললেন বাহুবলীকে- এই প্রশ্নের চেয়েও বড় এক প্রশ্ন ঘুরে এখন বেড়াচ্ছে বিটাউনের বাতাসে! 'বাহুবলী ২' -এ কি কাজ করছেন দীপিকা পাড়ুকোন?
আপাতত, দীপিকা পাড়ুকোনের ছবি সম্পর্কে যা খবর পাওয়া যাচ্ছে, সবই ভিন ডিজেলের সঙ্গে 'এক্সএক্সএক্স'-সিরিজের। তার মধ্যেই গুঞ্জন উঠলো, 'বাহুবলী ২' -এ প্রভাসের বিপরীতে থাকছেন ‘বাজিরাও মাস্তানি’র নায়িকা।
খবরটা কানে যেতেই সবার আগে নড়েচড়ে বসলেন খোদ ছবির পরিচালক। তার পরেই এস এস রাজামৌলির সাফ বক্তব্য, এ রকম কিছু না কি তিনি নিজেও জানেন না!
তাহলে কি পুরোটাই গুজব? একদমই তাই! টিম বাহুবলী’র বক্তব্য, একটা গুজব রটেছে আর সেটা দ্রুত ছড়িয়েও পড়েছে। তারা নিজেরাও জানেন না, কে কেন এ রকম একটা খবর রটালো!
উড়ো খবরের আর দোষ কী! 'বাহুবলী ২' নিয়ে জল্পনাকল্পনার তো আর শেষ নেই। ফলে নানা খবর কানে আসছেই। তার কোনোটা ঘটনা, কোনোটা স্রেফ রটনা!
জানা গেছে, প্রভাস আর আনুষ্কা শেট্টিকে নিয়ে হায়দরাবাদের রামোজি ফিল্ম সিটিতে শুটিং করছেন রাজামৌলি। হিন্দি-তেলুগু দ্বিভাষিক ছবি 'গাজি'-র কাজ মিটিয়ে তাড়াতাড়িই তাদের সঙ্গে যোগ দিচ্ছেন রানা ডুগ্গুবতিও!
এরপর সব কাজ ভালোয় ভালোয় মিটে গেলেই ২০১৭ সালের ১৪ এপ্রিল রুপোলি পর্দায় দেখা যাবে বাহুবলীর দ্বিতীয় যাত্রা!
